২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রশ্নে আইনজীবী সমিতি ও ১০০ আইনজীবীর পাল্টাপাল্টি বিবৃতি

সংঘাত থেকে দেশকে রক্ষা করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ না করার জন্য বিচারপতি কে এম হাসানের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

অন্যদিকে সমিতির বিএনপি ও জামায়াত সমর্থক ১০০ আইনজীবী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কাউকে পদ প্রত্যাখানে বাধ্য করার প্রচেষ্টা জনগণ মেনে নেবে না।

রোববার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন এক বিবৃতিতে রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়ে বলেন, গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে এবং সংঘাতময় পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য সংলাপের মাধ্যমে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার বিষয়ে সমঝোতায় আসুন। তিনি বিবৃতিতে একই সঙ্গে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ না করার বিষয়ে ঘোষণা দেয়ার জন্য বিচারপতি কে এম হাসানের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে বিএনপি ও জামায়াত সমর্থক ১০০ আইনজীবী পৃথক এক বিবৃতিতে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার মুহূর্তে একটি স্বার্থান্বেষী মহল ‘অমুককে প্রধান উপদেষ্টা করা যাবে না বা তমুককে উপদেষ্টা করতে হবে’ এই দর্শনকে আঁকড়ে ধরে সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত করছে; তাদের লক্ষ্য হচ্ছে দেশে অস্বাভাবিক সরকার আমন্ত্রণে মারমুখী অবস্থান গ্রহণ করা।

বিবৃতিতে স্বাক্ষরদানকারীদের মধ্যে ডেপুটি অ্যাটর্নী জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী, গোলাম কিবরিয়া, হেলালউদ্দিন মোল্লা, জামান আক্তার বুলবুল, এ বি এম ওয়ালিউর রহমান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জামায়াত সমর্থক আইনজীবী গিয়াসউদ্দিন মিঠু, গোলাম নূর তরুণ প্রমুখ রয়েছেন।