হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হলে ১৪ দল তা প্রতিহত করবে: জলিলের হুঁশিয়ারি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শুক্রবার হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল যে কোন উপায়ে তা প্রতিহত করবে।
শুক্রবার তিনি রাজধানীর পুরানা পল্টনে কমরেড মণি সিং -- ফরহাদ মিলনায়তনে ১৪ দলের এক প্রস্তুতি সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সংলাপের মাধ্যমে যদি বিরোধী জোটের দাবী পূরণ করা হয় বা সব সমস্যার নিষ্পত্তি করা হয় তবে ১৪ দল তাকে স্বাগত জানাবে। তবে এর বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয় বা বিতর্কিত কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে ক্ষমতা হস্তান্তর করা হয় অথবা তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠার প্রয়াস চালানো হয় তবে বিএনপিকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করবে ১৪ দল।
ঢাকা মহানগরীর ১০০টি ওয়ার্ড ও ২৬টি থানা থেকে আগত ১৪ দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই প্রস্তুতি সভায় যোগ দেন।
হাসানের কাছে ২৮ অক্টোবর ক্ষমতা হস্তান্তর করা হলে বিরোধী দলীয় নেত্রী ঘোষিত ঢাকা ঘেরাও কর্মসূচি সফল করার জন্য এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিরোধী দলীয় নেত্রী পল্টন ময়দান থেকে ১৪ দলের নেতা--কর্মীদের উদ্দেশ্যে বলেন, কে এম হাসান যেদিন দায়িত্ব গ্রহণ করবেন সেদিনই সবাই লগি--বৈঠা নিয়ে ঢাকা চলে আসবেন।
চলমান সংলাপের পরবর্তী বৈঠক প্রসঙ্গে আব্দুল জলিল বলেন, আব্দুল মান্নান ভূঁইয়া প্রধানমন্ত্রী শনিবার দেশে ফেরার পর হাসান সম্পর্কে সরকারের সিদ্ধান্ত জানাবেন।
কে এম হাসান প্রশ্নে বিএনপি কোন ছাড় না দিলে তিনি সংলাপ বর্জন করবেন কি--না এ ব্যাপারে আব্দুল জলিল কিছু বলেননি।
