১৪ দলের সংস্কার বাস্তবায়ন দিবস ২২ অক্টোবর
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আগামী ২২ অক্টোবর সংস্কার বাস্তবায়ন দিবস পালন করবে।
এছাড়াও ১৯ অক্টোবর ১৪ দলের শরীকদের মহানগর কমিটি, থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠক এবং ২১ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৪ দল সমন্বয় কমিটির এক বৈঠকে মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
এছাড়া ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের ব্রিফিং করেন।
আব্দুল জলিল জানান, সংস্কার না করে সরকারের ক্ষমতা হস্তান্তর এবং বিরোধী দলের দাবি উপেক্ষা করে সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান দায়িত্বভার গ্রহণ করলে ১৪ দলের করণীয় কি হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
সংস্কার বিষয়ে সরকারের সাথে আলোচনার পাশাপাশি রাজপথের আন্দোলনও অব্যাহত রাখার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।
আব্দুল জলিল সেনাবাহিনীকে বিতর্কের উর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সেনাবাহিনীকে বিতর্কিত করতে তাদের সাথে বৈঠক করছেন। সেনাবাহিনীকে যে কোন মূল্যে বিতর্কের উর্ধ্বে রাখতে হবে।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি সংস্কার প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী দেশে ফিরে সংস্কার বিষয়ে ইতিবাচক জবাব জানাবেন। এর মাধ্যমে তিনি জাতিকে শংকামুক্ত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবেন।
