তবুও প্রধানমন্ত্রী ভবন!
বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর ‘প্রধানমন্ত্রী ভবন’ নাম দেওয়া বাড়িটিতে একদিনও দাপ্তরিক কাজ করেননি খালেদা জিয়া, বসবাসের তো প্রশ্নই ওঠে না।
এ সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের প্রধান নির্বাহীর বসবাস বা সান্ধ্যকালীন কার্যালয়ের জন্য নির্ধারিত ‘প্রধানমন্ত্রী ভবন’ কার্যত নিষ্ক্রিয় ও কর্মহীন ছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, সরকারি বা রাষ্ট্রীয় কাজে নয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে ৪৭টি অনুষ্ঠান করেছেন যার প্রায় সবগুলোই দলীয় কার্যক্রম।
প্রধানমন্ত্রীর অংশ নেওয়া এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিভাগীয় বিএনপির সভা, দলের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সভা, ইফতার পার্টি প্রভৃতি।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, শেরে বাংলা নগরের ৩৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত লাল সিরামিক ইটের এ নানন্দিক ভবনে অলস সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
ক্ষমতা নেওয়ার পর ২০০১ সালের ডিসেম্বরে ওই ভবনে বিএনপির ৬টি বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরের বছরগুলোতে খালেদা জিয়া প্রতি রমজান মাসে ৬ থেকে ১১টি ইফতার অনুষ্ঠান, ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এর বাইরে ২০০৪ ও ২০০৫ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা ও তৃণমূল প্রতিনিধি সভায়ও খালেদা জিয়া উপস্থিত ছিলেন। সর্বশেষ এই রমজান মাসের প্রথম সপ্তাহে ৬দিন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীর সম্মানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইফতার পার্টি দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বেশির ভাগ অনুষ্ঠানই ভবনের বাইরে প্যান্ডেল টাঙিয়ে করা হয়েছে। প্রধানমন্ত্রী ভবনের অনেকগুলো কক্ষ রয়েছে যা গত ৫ বছরে একবারের জন্যও ব্যবহার হয়নি।
বাংলাদেশের জন্মের পর গণভবন নামে ঐতিহ্যবাহী এ ভবনটি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। ১৯৭৫ পরবর্তী কোনো সরকার প্রধান এ বাড়িতে থাকেননি। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আমলে ওই ভবনের নামকরণ করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে শেখ হাসিনা এখানে থাকতে শুরু করেন। আবারও এর নাম দেওয়া হয় ‘গণভবন’। ১৩ জুলাই ক্ষমতার ছেড়ে দেয়ার পরও তিনি ২০০১ সালের ১৮ আগস্ট পর্যন্ত ওই ভবনে ছিলেন। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেই বাড়ির নাম পাল্টে ‘প্রধানমন্ত্রী ভবন’ করা হয়।
আওয়ামী লীগ শাসনামলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে শেখ হাসিনা ব্যবহার করলেও ক্ষমতা ছেড়ে দেয়ার আগে ২০০১ সালের ১২ জুলাই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০১-এর বিধানের আওতায় সারা জীবনের জন্য শেখ হাসিনাকে ‘গণভবন’ এর বরাদ্দ দেওয়া হয়।
জোট সরকার দায়িত্ব নেওয়ার পর ভবনটিকে প্রধানমন্ত্রীর সান্ধ্যকালীন কার্যালয় ‘প্রধানমন্ত্রী ভবন’ হিসেবে ব্যবহারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল।
