২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনার জাকারিয়ার বাড়িতে হামলার ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কাজিপাড়ায় নির্বাচন কমিশনার স.ম. জাকারিয়ার গ্রামের বাড়ি ‘সৈয়দ মঞ্জিলে’ হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

মামলার বাদী সদর থানার এসআই পাশা এজাহারে জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক শফিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক লীগ শহর কমিটির সাধারণ সম্পাদক মোঃ তছির, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা, সাবেক জিএস আতিকুর রহমান অপুসহ ৩০ নেতা--কর্মীকে আসামী করেছেন।

এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরো ১০/১৫ জনকে মামলার আসামী করা হয়েছে।

হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার এবং জিঞ্জাসাবাদের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত ১১ জনকে আটক করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন তরফদার জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পুলিশের অপর একটি সূত্র জানায়, আসামীদের গ্রেপ্তারের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত কমপক্ষে ২৫ টি অভিযান চালানো হয়েছে। তবে পুলিশ মামলার অন্যতম আসামীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

উল্লেখ্য শুক্রবার যুবলীগের বৈঠা মিছিল থেকে কয়েকজন উশৃঙ্খল যুবক স.ম. জাকারিয়ার বাসভবন ভাংচুর করে।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. লুৎফুল হাই সাচ্চু বলেন, যুবলীগ, আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন নেতা--কর্মী এই হামলার সাথে জড়িত নন। অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা--কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। কিন্তু পুলিশ আমাদের সংগঠনের নেতা--কর্মীদের আসামী করে হয়রানি করছে। এছাড়া তিনি অবিলম্বে পুলিশি হয়রানি বন্ধেরও দাবি জানান।