২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ মন্ত্রীর এপিএস এর কান্ড !

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার এপিএস মো. শামীম ও তার গাড়ির চালক ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের এক গাড়ি চালককে পিটিয়ে গুরুতর আহত করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আহত গাড়ি চালক আজিজুল হক (৫০) বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর শহরের রাজবাড়ী মোড়ের পাশে সড়ক ও জনপথ বিভাগের রেস্টাহাউজে বুধবার ইফতারের আগে এ ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক--কর্মচারীরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আহত গাড়ি চালক আজিজুল হক জানান, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার দুপুরে তার সদ্য প্রয়াত শ্যালিকা আলফা আলীর (৬৫) দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফরিদপুর শহরতলীর কোমরপুর গ্রামে আসেন। ঐদিন তার সফর সঙ্গীদের ইফতারের জন্য সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজে ইফতার পার্টির আয়োজন করা হয়।

ইফতারের ১০ মিনিট আগে যোগাযোগ মন্ত্রীর এপিএস মো. শামীমের গাড়ি চালক ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী--২ আবু বকর সিদ্দিকীর গাড়ির চালক আজিজুল হকের কাছে তেলের স্লিপ চায়। কিন্তু আজিজুল হক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তেলের স্লিপ দিতে রাজী না হলে এপিএসের গাড়ি চালক ক্ষিপ্ত হয়ে আজিজুল হককে মারধর শুরু করে। এপিএস ও তার সফরসঙ্গীরা এসময় ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এক পর্যায়ে এপিএস শামীম আজিজুল হকের বুকে পিস্তল ঠেকায় এবং অপরজন মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

ঘটনার সময় ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উপবিভাগীয় প্রকৌশলী আবু বকর সিদ্দিকী জানান, এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী তরিকুল ইসলাম এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

এ বিষয়ে যোগযোগ মন্ত্রীর এপিএস মো. শামীমের বক্তব্য পাওয়া যায়নি।