সাংবাদিক গৌতম হত্যা মামলার পলাতক আসামী জাহিদ খান মারা গেছে
দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার পলাতক আসামী জাহিদ খান (৩৬) আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
তার পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।
জানা যায়, চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ খান হাসপাতালে ভর্তি হয়েছিল। তার লাশ দাফনের জন্য কঠোর গোপনীয়তার সাথে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাকারাইদোপা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
গত বছর ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাস খুন হওয়ার পর থেকে জাহিদ পলাতক ছিল। এ বছরের ১৯ জানুয়ারি সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলামনবী ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগ পত্রে চারনম্বর আসামী হিসেবে জাহিদ খানের নাম উল্লেখ ছিল।
