রেল ধর্মঘটের জন্য শ্রমিক নেতাদের দায়ী করলেন যোগাযোগ মন্ত্রী
সকাল--সন্ধ্যা রেল ধর্মঘট করে যাত্রীদের দুর্ভোগে ফেলার জন্য রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতাদের দোষারোপ করলেন যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা।
বৃহস্পতিবার সকালে রেলওয়ে ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি শ্রমিক নেতাদের সমালোচনা করে বলেন, ৯ ও ১০ অক্টোবর পরপর দুদিন অনুষ্ঠিত বৈঠকে ১১ অক্টোবরের রেল ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই সিদ্ধান্ত উপেক্ষা করে বুধবার সারাদেশে সকাল -- সন্ধ্যা রেল ধর্মঘট পালন করেছে।
হুদা বলেন, ৯ ও ১০ অক্টোবরের বৈঠকে উভয়পক্ষ রেলওয়ে খাতকে সরকারের আওতায় রেখে সকল বেতন বৈষম্য দূর করার জন্য চারটি বিষয়ে একমত হলে রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা ধর্মঘট প্রত্যাহার করতে রাজী হন।
তিনি বলেন, কিন্তু মতৈক্যের চুড়ান্ত মুহূর্তে হঠাৎ করেই সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা চুক্তিপত্রের দাবী জানালে তিনি তাতে সম্মত হননি। কারণ ভবিষ্যৎ সরকারের সামনে কোনরকম প্রতিবন্ধকতা থাক, তা তিনি চাননি। যদিও শেষপর্যন্ত একটি অস্থায়ী চুিক্তপত্রে স্বাক্ষর করেছেন বলে তিনি উল্লেখ করেন।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রেলওয়েকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে রাখার কথা বললেও যোগাযোগ মন্ত্রী লোকসানি এই খাতকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।
যোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে খাতে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা থাকলেও এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্র্রয়োজন।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর গড়ে ১০০ কোটি টাকা লোকসান দিচ্ছে।
ম্যাগনেটিক ট্রেন চালুর ব্যাপারে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করা হলে নাজমুল হুদা বলেন, ‘এটা আর স্বপ্ন নয়, খুব বেশী বাস্তব’। তিনি বলেন, ‘যখন আমরা অত্যাধুনিক প্রযুক্তিই গ্রহণ করবো, তখন সবচেয়ে ভাল টা নয় কেন?’
তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে আগামী ২০ অক্টোবর থেকে ঈদ-উল-ফিতরের জন্য টিকিট বিক্রি শুরু করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যোগাযোগ সচিব শফিকুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক সুলতান আহমেদ তালুকদার।
উল্লেখ্য, রেলওয়ে খাতকে কর্পোরেশনে পরিণত করার জন্য কর্পোরেট এনপিটি বাতিলসহ চার দফা দাবীতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহবানে বুধবার সকাল সন্ধ্যা এই ধর্মঘট পালিত হয়েছে।
