গাজীপুরে পরিবহন চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে জাপা নেতাসহ আহত ২০
শহরের বাংলাবাজার এলাকায় বুধবার সকালে চাঁদা ওঠানোর ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সাথে স্থানীয় এক প্রভাবশালী নেতার সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
এতে গুরুতর আহত গাজীপুর সদর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে (৪০) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় বাংলাবাজার এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ওচারটি হিউম্যান হলার ভাংচুর করা হয়। পুলিশ রুট পারমিট ছাড়া চান্দনা চৌরাস্তা--বাংলাবাজার রুটে চলাচলকারী চারটি হিউম্যান হলার আটক করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরে চান্দনা চৌরাস্তা--বাংলাবাজার রুটে বিনা অনুমোদনে সিএনজিতে রূপান্তরিত হিউম্যান হলার চলছে। বাংলাবাজার এলাকাবাসী সেখানে হলার স্ট্যান্ড তৈরি করার বিনিময়ে স্থানীয় কাঁচা মসজিদের উন্নয়নের জন্য নিয়মিত চাঁদা দেওয়ার শর্ত দিয়েছিল।
ওই চাঁদার টাকা ওঠানো নিয়ে সকাল ১০টার দিকে জাপা নেতা মোশারফ হোসেন ও স্ট্যান্ডের সময় নিয়ন্ত্রক রাজুর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোশারফ রাজুকে চড় মারেন। এর প্রতিবাদে সকাল ১১টার দিকে পরিবহন নেতা--কর্মীরা বাংলাবাজার এলাকায় অবস্থানকারী মোশারফের ওপর হামলা চালায়। মোশারফ তখন একটি জুতার দোকানে বসে ছিলেন। প্রাণ বাঁচাতে তিনি দৌড় দিলে হামলাকারীরা তার পিছু নেয় এবং তাকে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এ সময় তারা বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করে এবং মোশাররফের সমর্থক এরশাদ, জয়নাল, জালাল ও দুলালকে মারধর করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। পরে এলাকাবাসী সংঘটিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা দ্রুত হলার নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে পালিয়ে যায়।
এলাকাবাসী এসময় চারটি হলার আটক করে ভাংচুর করে। জনতার হাতে নুরুজ্জামান, নজরুল, আজিজুল, সবুজ ও শাজাহান নামে পাঁচ পরিবহন শ্রমিক গণধোলাইয়ের শিকার হয়।
এলাকাবাসীর অভিযোগ, চান্দনা চৌরাস্তার পরিবহন শ্রমিক নেতা সুলতান আহমদ সরকারের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়।
সুলতান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে এর আগেই সংঘর্ষ থেমে গিয়েছিল। তিনি বলেন, চাঁদার জন্য মোশাররফ হোসেন মারধর করায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এম এ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
