২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ অনিশ্চিত

আশানুরূপ ফল না হওয়ার আশঙ্কায় এ মাসে সংলাপ আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সূত্র জানায়, প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একমাস আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে। অথচ নভেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা বললেও নির্বাচন কমিশন এ মাসে এখনো সংলাপের কোনো উদ্যোগই নেয়নি।

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বিষয়টি স্বীকার করে বুধবার সাংবাদিকদের বলেন, নভেম্বরে তারা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তবে এখনো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি জানান।

এর আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার প্রশ্নে নির্বাচন কমিশন গত বছর জুলাইয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে। সংস্কারের দাবিতে আন্দোলনরত প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও বাম দলগুলো এই সংলাপ প্রত্যাখ্যান করলেও এতে নামসর্বস্ব ১২০টি দল যোগ দেয়।

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ আরো জানান, তফশিল ঘোষণার পর তারা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রচার--প্রচারণা চালাবেন।

বুধবার এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের প্রাথমিক বৈঠক হয়। সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, তথ্য মন্ত্রণালয়, পিআইবি, পিআইডি, ডিএফপি ও গণযোগাযোগ অধিদপ্তরের প্রতিনিধিরা যোগ দেন।

তিনি বলেন, প্রতিবার নির্বাচনের আগে নির্বাচন কমিশন পোস্টার ও লিফলেট বিলি এবং বিজ্ঞাপন দিয়ে নির্বাচন সম্পর্কিত নানা প্রচারণা চালায়। এর একটি উদ্দেশ্য হচ্ছে নির্বাচন সম্পর্কে জনমত গঠন। এছাড়া নির্বাচনের প্রার্থীরা যেনো আচরণবিধি সঠিকভাবে মেনে চলেন, সেটাও প্রচার--প্রচারণার আরেকটি উদ্দেশ্য।

নির্বাচন কমিশন সচিব আরো জানান, ২০০১ সালে নির্বাচনের সময় এসব প্রচার--প্রচারণার অর্থ জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রকল্প থেকে বহন করা হয়। এবার সরকার নিজেই এই খরচ বহন করছে।