২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী বিচার দাবিতে র‌্যালী ও সমাবেশ

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘বাংলাদেশ, আমার বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকাসহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ সোমবার ক্যাম্পাসে প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবাদ র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা আবার সিনেট ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রফেসর মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান, ছাত্রলীগ রাবি সভাপতি ইব্রাহিম হোসেন মুন প্রমূখ।

বক্তারা বলেন, জোট সরকার পরিকল্পিতভাবে বিটিভিকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। তারা অবিলম্বে প্রামাণ্যচিত্রটি বাজেয়াপ্ত করাসহ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান।