দ্বিতীয় দিনের সংলাপে নির্বাচন কমিশন শক্তিশালীকরণে অগ্রগতি
দ্বিতীয় দিন শুক্রবারের সংলাপে নির্বাচন কমিশন শক্তিশালী করাসহ কয়েকটি বিষয়ে ক্ষমতাসীন বিএনপি ও আওয়ামী লীগ একমত হয়েছে।
তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কেএম হাসানের নিয়োগ প্রশ্নে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সমঝোতায় পৌঁছেছেন বলে কোন আভাষ পাওয়া যায়নি। বিরোধী দল সকলের কাছে গ্রহণযোগ্য এমন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ চায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে বিরোধী দলের কয়েকটি সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ প্রশ্নে সংবিধানের বাইরে তারা কোনো কিছু করতে রাজি নয়।
এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সংবিধানের আওতায় তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে একটি সমঝোতায় পৌছানোর জন্য দুই নেতা এখন পথ খুঁজছেন বলে জানা গেছে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদের হুইপ শহীদুল হক জামাল বিডিনিউজ২৪ডট কমকে বলেন, সংলাপের মাধ্যমেই আমরা সমাধান চাই, তবে তা হতে হবে সংবিধানের আওতায়। কোনোভাবে সংবিধান সংশোধন করা যাবে না।
অপরদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সংস্কার প্রস্তাব মানতে হলে অবশ্যই সরকারকে নমনীয় হতে হবে। আমি আশাবাদী সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে সংলাপের মাধ্যমে ।
জাতীয় সংসদ ভবনে শুক্রবার দ্বিতীয় দিনের সংলাপ ঘন্টা খানেক চলার পর তা মূলতুবি করা হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় আবারো একই স্থানে তৃতীয় দফা সংলাপ হবে।
শুক্রবার সংলাপের পরপরই এক যৌথ প্রেস ব্রিফিঙে আব্দুল মান্নান ভূঁইয়া ‘সংলাপে বেশ কিছু অগ্রগতি’ হওয়ার কথা স্বীকার করেন। কিন্তু কি কি বিষয়ে অগ্রগতি হয়েছে --তিনি তা সুনির্দিষ্টভাবে বলেননি। একইভাবে আব্দুল জলিলও প্রেস ব্রিফিঙে ‘সংলাপ এগিয়ে চলছে’ বলে মন্তব্য করেন।
প্রেস ব্রিফিঙে দুই নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে সংলাপ সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তারা বলেন, আলোচনা চলবে।
আব্দুল জলিল জানান, জাতীয় সমস্যা সমাধানে তারা চেষ্টা করছেন। অনেক বিষয়ে আলোচনা হয়েছে এবং অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি বলেন, ‘আমরা উভয় পক্ষই চেষ্টা করছি একটি সমঝোতায় পৌঁছতে।’
এদিকে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ে নিজ নিজ দল ও জোটের সঙ্গে সংলাপের অগ্রগতি নিয়ে আলোচনা করতে শনিবার একদিন সংলাপে বিরতি দিয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় বেইলী রোড়ে স্থানীয় সরকার মন্ত্রীর সরকারি বাসভবনে চার দলীয় জোটের মহাসচিবদের বৈঠক হবে।
একই দিন দুপুর ১১টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বৈঠক হবে। পরে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বৈঠক করে সংলাপের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন।
আব্দুল জলিল শুক্রবার সংলাপের পর সংসদ ভবন থেকে সরাসরি সুধাসদনে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বৈঠকের ফলাফল তাকে অবহিত করেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যসহ ১৪ দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
প্রথম দফায় গত বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে মান্নান ভূঁইয়া ও আব্দুল জলিলের মধ্যে সংলাপ শুরু হয়।
গত বছর ২৫ জুলাই বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে ১৪ দলের পক্ষ থেকে আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব উত্থাপন করেন।
