মান্নান ভূইঁয়া--জলিলের মধ্যে শুক্রবার সংলাপ মূলতুবি, রোববার আবার বসবেন, ১ম লিড
দেশের দুই প্রধান দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে অনুষ্ঠিত সংলাপ অব্যাহত আছে। দ্বিতীয় দিনে শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের কমিটি কক্ষে এই সংলাপ হয়। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের মধ্যে এক ঘন্টা আলোচনার পর সংলাপ মূলতুবি হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় একইস্থানে আবার সংলাপ হবে।
সংবাদ ব্রিফিঙে দুই নেতা বলেন, তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের প্রশ্নে সংলাপ সোহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তারা বলেন, তাদের আলোচনা চলবে। মান্নান ভূঁইয়া সংলাপে অগ্রগতির কথা উল্লেখ করলেও কী অগ্রগতি হয়েছে, তা উল্লেখ করেননি। তিনি বলেন, ‘আমাদের আলোচনা অব্যাহত থাকবে।’
অপরদিকে আবদুল জলিল জানান, জাতীয় সমস্যা সমাধানে তারা চেষ্টা করছেন। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তা এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা উভয়ই চেষ্টা করছি একটি সমঝোতায় পৌছতে।’
এর আগে শুক্রবার সকাল ১১টা ৫ মিনিটে সংলাপ শুরু হয়ে চলে ১২ টা ১২ মিনিট পর্যন্ত।
এদিকে মান্নান ভূঁইয়া বেইলি রোডে তার সরকারি বাসভবনে শনিবার বেলা সাড়ে ১২ টায় চার দলীয় জোটের মহাসচিবদের বৈঠক ডেকেছেন। এই বৈঠকে তিনি দুদিনের সংলাপের অগ্রগতির বিষয়ে অবহিত করবেন।
সংলাপের পর আব্দুল জলিল সংসদ ভবন থেকে সরাসরি সুধাসদনে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বৈঠকের ফলাফল অবহিত করেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরাসহ ১৪ দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
গত বছর ২৫ জুলাই বিরোধী দলীয়নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে ১৪ দলের পক্ষে আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব উত্থাপন করেন।
