বিমানে ৫৫০ কোটি টাকার ভর্তুকি দেয়ার দাবি, অন্যথায় আন্দোলন
আগামী ১০ অক্টোবরের মধ্যে বিমানে আর্থিক ভর্তুকি দেয়াসহ বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সংস্থার কর্মকর্তা -- কর্মচারিদের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদ আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।
সংগ্রাম পরিষদ আহ্বায়ক ও বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন সভাপতি (বাপা) ক্যাপ্টেন এসএম হেলাল বিডিনিউজ২৪ডটকমকে বলেন, সরকার ও স্বার্থান্বেসী কিছু মহল বিমানকে চুড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিমানে আর্থিক সংকট এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে কর্মকর্তা কর্মচারিদের বেতন -- ভাতাও অনিশ্চিত হযে পড়েছে।
তিনি জানান, এজন্য তারা বৃহস্পতিবার সরকারের কাছে লিখিতভাবে জরুরি ভিত্তিতে ৫৫০ কোটি টাকা ভর্তুকি দেয়ার দাবি করেছেন।
ক্যাপ্টেন হেলাল জানান, তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ২৫ বছরের পুরনো উড়োজাহাজের পরিবর্তে বিমানে অত্যাধুনিক বোয়িং ও এয়ারবাস সংযোজন, ইজারায় উড়োজাহাজ এনে পরিকল্পিত রুটে ফ্লাইট পরিচালনা এবং ১০ অক্টোবরের মধ্যে সংস্থার অযোগ্য ও দুর্নীতিবাজদের অপসারণ।
সংগ্রাম পরিষদ নেতারা জানান, তারা বিমানকে আর্থিক ভর্তুকি দিয়ে সচ্ছল করার দাবিতে গত সপ্তাহেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনের সঙ্গে দুদফা বৈঠক করেছেন। সে সময় তারা এক দফা জরুরিভিত্তিতে বিমানে উল্লিখিত টাকা ভর্তুকি দেয়ার দাবি জানান।
এর আগে আন্দোলনের হুমকির মুখে অর্থ মন্ত্রণালয় বিমানে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু আন্দোলনকারীদের ভাষ্য মতে, বিমানকে আর্থিকভাবে সচ্ছল করতে এই টাকা নিতান্তই সামান্য। বিমানে মোট ভর্তুকি প্রয়োজন প্রায় ১২০০ কোটি টাকা। তবে আপাততঃ ৫৫০ কোটি টাকা হলেও চলবে বলে তারা উল্লেখ করেন।
