এক ঘন্টার মধ্যেই সংলাপ মুলতুবি, শুক্রবার ১১টায় আবার শুরু
শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই মুলতুবি হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে প্রধান দুই রাজনৈতিক দলের বহুল প্রত্যাশিত সংলাপ। প্রধান দুই দলের সাধারণ সম্পাদক-মহাসচিব পর্যায়ে এ আলোচনা শুরু হলেও বিশেষ গুরুত্বপূর্ন এ প্রশ্নটি মীমাংসা করবেন প্রধান দুই নেত্রী।
বৃহষ্পতিবার সকাল ১১-৪৫ মিনিটে শুরু হওয়া সংলাপ ১২-৫৫ মিনিটে শেষ হওয়ার পর বৈঠক থেকে বেরিয়ে এসে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব নিয়ে দাবিগুলো উত্থাপন করা হয়েছে। আমি সেসব বিষয়ে ব্যাখ্যাও চেয়েছি। জলিল সাহেব ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে শুক্রবার সকাল ১১টায় আমরা দুজন আবার বসবো। সংলাপ অব্যহত থাকবে।’।
অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার কাছে সংস্কার বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছি। উনি প্রস্তাবের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন, আমি ব্যাখ্যাও দিয়েছি। এখন পুরো বিষয়টি জানাতে দলের সভানেত্রীর কাছে যাচ্ছি। এর পর দুপুর আড়াইটায় ধানমন্ডি কার্যালয়ে পুরো বিষয়টি আবার সাংবাদিকদের জানাবো’।
বৃহস্পতিবার সাড়ে এগারোটায় সংলাপে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই আলোচনাস্থলে চলে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। মান্নান ভূঁইয়া আসেন একেবারে কাটায় কাটায় সাড়ে এগারোটায়।
এর আগে সংসদ ভবনের দোতলায় স্থায়ী কমিটির ১ নম্বর কক্ষে সংলাপের জায়গা নির্ধারিত হয়। ভঁইয়া এবং জলিল আসার আগেই সংসদ ভবনে দুই দলের অন্য নেতারা উপস্থিত হতে শুরু করেন। তবে আলোচনা হয় প্রধান দুই নেতার মধ্যেই। পুরো দেশ এ সংলাপের সাফল্যের দিকে তাকিয়ে আছে বলে, সকাল থেকেই সাংবাদিকরা ভিড় করেছিলেন সংসদ ভবনে।
বৃহষ্পতিবার সকালেও রাজনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, বিচারপতি কে এম হাসানের বিষয়ে এখনো বিপরীত অবস্থানে অনমনীয় রয়েছে দুই প্রধান রাজনৈতিক দল।
