কেএম হাসানের বিষয়ে অনমনীয় অবস্থান নিয়েই শুরু হচ্ছে সংলাপ
রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপে বসতে রাজি হলেও বিচারপতি কে এম হাসানের বিষয়ে অনমনীয় অবস্থান নিয়েই মুখোমুখি হচ্ছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল। ঊর্ধ্বতন রাজণৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানাচ্ছেন।
দুই দলেরই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খোলা মনে সংলাপ শুরু করার কথা বললেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানকে সরাতে এখন পর্যন্ত সংকল্পবদ্ধ আওয়ামী লীগ। অন্যদিকে বিচারপতি হাসানকে সরিয়ে দেওয়া মাঠপর্যায়ে আওয়ামী লীগের বিরাট বিজয় হিসেবে বিবেচিত হতে পারে-এ আশঙ্কা থেকেই হাসানের বিষয়ে অনমনীয় থাকছে বিএনপি।
বিচারপতি কেএম হাসানের নিয়োগ ছাড়াও বিচারপতি এম এ আজিজসহ নির্বাচন কমিশনের অন্য সদস্যদের সরিয়ে দেওয়ার বিষয়টিও সংলাপে গুরুত্ব পেতে যাচ্ছে। তবে সূত্র জানিয়েছে সিইসির অপসারণসহ নির্বাচন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে বিএনপিও মোটামুটিভাবে আওয়ামী লীগের সঙ্গে একমত পোষণ করে।
এছাড়াও এ সংলাপে প্রধান উপদেষ্টার অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের জন্য আলাদা ভোটার তালিকা প্রণয়ন প্রভৃতি দাবিকে দুই দল আলোচনায় টেবিলে অগ্রাধিকার পাবে।
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন শক্তিশালী করতে ২১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন। ওই প্রস্তাবে সব দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগসহ ৫ দফা, নিরপেক্ষ একজন ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগসহ নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালীকরনে ১১ দফা এবং প্রচলিত নির্বাচনী আইন ও বিধি সংকারে ১১ দফার পরামর্শমূলক দাবি রয়েছে।
সরকারের নীতিনির্ধারকরা গত দুই আগে বৈঠকে বিরোধী দলের প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভাব্য করনীয় নির্ধারণ করেছে বলে জানা গেছে। সেইসব করনীয়সমূহ দলের মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আদুল মান্নান ভুঁইয়াকে অবহিত করা হয়েছে। একটি দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচনী আইন ও বিধির সংশোধনে সরকার কিছু সংস্কার করতে রাজি থাকলেও প্রধান উপদেষ্টা পদে সংবিধানের প্রদত্ত বিধানের বাইরে কোনো আপোষ ফর্মূলায় সরকারি দল যাবে না।
বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া নফহবংি২৪.পড়স -কে বলেন, বিরোধী দলের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা দেশে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে চাই। যাতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব উদ্যোগ নিতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিরোধী দল খোলা মন নিয়ে আলোচনার টেবিলে বসলে একটি ঐক্যমতে আমরা পৌছতে পারব।
বিকেল সাড়ে ৪টায় দিলকুশা মার্কেটাইল ব্যাংকে সাংবাদিকদের জানান, তিনি খোলামন নিয়ে আলোচনায় যাবেন। আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের ক্ষেত্র প্রস্তুতে একমত হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ অনুষ্ঠান এই প্রথম। এর আগে ১৯৯৫ সালে বিএনপি ক্ষমতা থাকাকালে কমনওয়েলথ প্রতিনিধি স্যার নিনিয়ান স্টিফেনের মধ্যস্থতায় রাষ্ট্রীয় অতিথিভবনে বিরোধী দলের সঙ্গে ক্ষমতাসীনদের আলোচনা হয়। কিন্তু সেই আলোচনায় কোনো সুরাহা হয়নি। সেই আলোচনারও বিষয়বস্তু ছিল সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
