সংসদ ভবনে সংলাপ হতে পারে: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল মঙ্গলবার বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণের সঙ্গে তার ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বা সংলাপের কোন সম্পর্ক নেই।
মঙ্গলবার দুপুরে ১৪ দলের সম্মিলিত এক বৈঠকের পর আব্দুল জলিল তার মতিঝিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
জলিল বলেন, আমাকে চায়ের দাওয়াত দেওয়া হয়েছে এবং আমি সেখানে যাবো।
জলিল জানান, এর আগে তিনি জাতীয় সংসদ ভবনে সংলাপে বসার জন্য বিএনপি মহাসচিবের কাছে প্রস্তাব দিয়েছিলেন এবং ১৪ দলের বৈঠকে প্রস্তাবটি গৃহীতও হয়েছিল। তিনি বলেন, আমি আবারও মান্নান ভূঁইয়াকে বলছি যে আমরা সংসদ ভবনেই সংলাপে বসতে চাই।
তিনি জোর দিয়ে বলেন, সংসদ ভবন হচ্ছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান। তিনি জানান, মান্নান ভূঁইয়া এর আগে সংলাপের সম্ভাব্য স্থান হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার নাম প্রস্তাব করেছিলেন। এটা ছিল একটা প্রস্তাব এবং তিনি তখন কিছু জানাননি।
দীর্ঘ প্রতীক্ষিত সংলাপ ভেস্তে যাওয়ার কোন আশংকা আছে কিনা এ প্রশ্নের উত্তরে জলিল বলেন, ‘কোন মন্তব্য করছি না, অপেক্ষা করুন, দেখবেন।’
তিনি জানান, সংলাপের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। মান্নান ভূঁইয়ার সঙ্গে আলোচনার পর সংলাপের স্থান ও তারিখ তিনি নির্ধারণ করবেন এবং সবাই তখন জানতে পারবে। তিনি সাংবাদিকদের প্রতি তাদেরকে সহযোগিতা করার আহ্বান জানান।
১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের নেতা দীলিপ বড়–য়া।
