বকেয়া বেতনের দাবিতে মিরপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর
বকেয়া বেতনের দাবিতে নগরীর কাফরুল থানায় সোমবার সকালে শত শত তৈরি পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বিক্ষোভকালে শ্রমিকরা কমপক্ষে ৫টি গাড়ি ভাঙচুর করেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয় সূত্র জানায়, আবির গার্মেন্টেসের কর্মীরা আগস্ট মাসে অর্ধেক বেতন পেলেও সেপ্টেম্বরে কোনো বেতন পায় নাই। মালিক পক্ষের কাছে বারবার তাগাদা দিলেও তাদের বেতন প্রদান বিষয়ে কোন আশ্বাস না পাওয়ায় তারা সোমবার বিক্ষোভ করে।
ঘটনার বর্ননা দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ইব্রাহীমপুরের তামান্না কমপ্লেক্সে অবস্থিত আবির ফ্যাশনের প্রায় ৫০০ কর্মী বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মিরপুর ১৩ নম্বরে যায় এবং সেখানে ওপেক্স গার্মেন্টস এর কর্মীদের মিছিলে যোগ দিতে বলে।
ওপেক্স গার্মেন্টস এর কর্মীরা মিছিলে যোগ না দেওয়ায় বিক্ষুব্ধ কর্মীরা সেখানে দাড়িয়ে থাকা চারটি গাড়ি ভাঙচুর করে বলে পুলিশ জানায়। পরে মিছিলটি কচুক্ষেতে ফিরে আসে এবং পথে আরেকটি গাড়ি ভাঙচুর করে। প্রায় দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভকালে এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
