২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারচুপি করে আবার ক্ষমতায় আসার প্রক্রিয়া সম্পন্ন করছে জোট, অসুস্থ সিইসি পদে থাকতে পারেন না: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয়করণ ও নির্বাচন কারচুপি করে আবারও ক্ষমতায় আসার সকল প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছে বিএনপি জামাত জোট সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

তিনি বলেন, তাদের দলীয় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এখন কোন হদিস নেই। বলা হচ্ছে তিনি অসুস্থ। কিন্তু একজন অসুস্থ ব্যক্তি আইনগত ও সাংবিধানিকভাবে সিইসি’র মতো পদে বহাল থাকতে পারেন না।

সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদারের মৃত্যুতে সোমবার আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর তিনি ইহলোক ত্যাগ করেন।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত এই সভায় শেখ হাসিনা আরও বলেন, ভোট কারচুপি করে ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট দুর্ণীতির মাধ্যমে দেশের সম্পদ লুট করছে। শুধুমাত্র জিয়াউর রহমানের পরিবারই দখল করেছে দুই হাজার কোটি টাকার সম্পদ। তারা দেশটাকে ‘জিয়া অ্যাণ্ড রহমান কোম্পানি’তে পরিণত করেছে।

সুধাংশু শেখর হালদারের মতো বিজ্ঞ সাহসী আইন প্রণেতার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, দু:খজনক হচ্ছে -- জনগণের ভোটে নির্বাচিত এই প্রতিনিধি জাতীয় সংসদে বসতে পারেননি।

দেলওয়ার হোসেন সাঈদীর নাম উল্লেখ না করে হাসিনা বলেন, সংসদে বসেছেন ভোট চোর স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গি।

তিনি বলেন, আর কেউ যেন এভাবে ভোট চুরি করে ক্ষমতায় আসতে না পারে, মানুষ যেন নির্বিঘেœ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার গঠন করতে পারে, সেজন্যই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার হলে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই সরকারের স্বচ্ছতা ও জবাবিদিহিতা থাকবে।

সংসদে যোগ না দিয়ে সুযোগ সুবিধা গ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, আওয়ামী লীগের পাঁচ বছরে তিনি মাত্র ২৮ কার্য দিবস সংসদে উপস্থিত ছিলেন। অথচ এই ২৮ দিনের বিপরীতে ৫৮ লাখ টাকা নিয়েছিলেন তিনি।

হাসিনা বলেন, এখন আওয়ামী লীগের সাংসদদের সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি সংসদে বিরোধী দলীয় নেতা হওয়া সত্ত্বেও ৭৩ বার আমার মাইক বন্ধ করা হয়েছে। আমি কথা বলতে দাঁড়ালে প্রধানমন্ত্রী ও সংসদনেত্রী উঠে দাঁড়িয়ে বলেন, তাকে আর একটি কথা বলতে দেওয়া হবে না।

দেশে জঙ্গিবাদের উত্থানের জন্য সরকারকে সরাসরি দায়ী করে শেখ হাসিনা বলেন, সরকার নিজেই জড়িত বলে ওই জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। সরকারের হাতেই রয়েছে জঙ্গি নিয়ন্ত্রণের সুইচ। নির্বাচনকে প্রভাবিত করতে ওদের প্রস্তুত রাখা হয়েছে। 

আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিষ্টার আমীর উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুধাংশু শেখর হালদারের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সুধাংশু শেখরের সহধর্মিনী সাধনা হালদার, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবে আলম ও সি আর দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন রামেন্দু মজুমদার।