শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত দু’টি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত ফ্রিগেট ক্রয় ও তৈরি পোশাক খাতে বিদেশি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দু’টি দুর্নীতি মামলার কার্যক্রম সুপ্রিম কোর্ট ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন।
শেখ হাসিনার পক্ষে পিটিশন দায়েরের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবির চৌধুরী রোববার শুনানি শেষে দুর্নীতি মামলা দু’টির যাবতীয় কার্যক্রম আগামী ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন এবং ৯ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
ফ্রিগেট ক্রয় ও তৈরি পোশাক খাতে বিদেশি পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগে ২০০২ সালের ৭ আগষ্ট ও ২০০১ সালের ১১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তৎকালীন মুখ্য সচিব ড. এসএ সামাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দু’টি দুর্নীতি মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ও অন্যরা ফ্রিগেট ক্রয় করে ৪৪৭ কোটি টাকা এবং তৈরি পোশাক খাতে বিদেশি পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ১৪৩ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন।
দু’টি মামলার চার্জশিট গঠন করা হয়েছে।
হাই কোর্ট ফ্রিগেট ক্রয় মামলার কার্যক্রম ২০০৩ সালের ৬ ডিসেম্বর এবং পরামর্শক নিয়োগ মামলার কার্যক্রম ২০০২ সালের ১৮ ডিসেম্বর স্থগিত করেছিলেন।
হাই কোর্টের একটি বেঞ্চ ২০০৫ সালের ১৬ ও ২১ আগষ্ট স্থগিতাদেশ বাতিল করে মামলা দু’টি কার্যবিবরণীর তালিকা থেকে বাদ দেন। এ আদেশের বিরুদ্ধে রোববার আপিল বিভাগে একটি আবেদন দাখিল করা হয়।
ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ আদালতে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন।
