বিচার বিভাগ পৃথকীকরণে আও ৪ মাস সময় চাইবে সরকার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে আরও চার মাস সময় চাইবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার আইন ও বিচার বিভাগের সক্ষমতা তৈরি প্রকল্পের অগ্রগতি বিষয়ে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে বেশ কিছু টেকনিক্যাল পয়েন্টে আমরা ১ ফেব্র“য়ারি আরও চার মাস সময় চাইব। বিচার বিভাগ পৃথক করা সরকারের জন্যে একটি প্রশাসনিক ও কাঠামোগত সমস্যা।
সরকার ২০০৫ সালের ২০ অক্টোবর বিচার বিভাগ পৃথকীকরণসহ সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে চার মাস সময় চাইলে সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেন।
বিচার বিভাগ পৃথকীকরণসহ সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্যে সরকার ইতোমধ্যেই ২২ বার সময় চেয়েছে।
আপিল বিভাগ মাসদার হোসেন বনাম বাংলাদেশ খ্যাত বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় বিকৃত করার অভিযোগে নয়জন আমলার বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ২০০৬ সালের ১ ফেব্র“য়ারি নির্ধারণ করেন।
বিচার বিভাগ পৃথকীকরণে সরকারের বিলম্বে আদালত বিরক্ত হয়ে ২০০৫ সালের ২০ অক্টোবর অবমাননার অভিযোগ থেকে বাদ দিতে অস্বীকার করেন।
আইনমন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্যে সরকার নির্ধারিত সময়ে বিচার কার্যে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের বিচার বিভাগের আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেনি।
তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার ক্ষেত্রে সরকারের কোনও আমলাতান্ত্রিক জটিলতা নেই। সরকারকে আরও ৬০০ ম্যাজিস্ট্রেটকে বিচার বিভাগের আওতায় নিয়ে আসতে হবে। বিচার বিভাগ পৃথক করার জন্যে সরকারকে আরও অনেক কাজ করতে হবে। ম্যাজিস্ট্রেটদের বিচার বিভাগের আওতায় নিয়ে আসার পর সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক সচিবালয় স্থাপন করতে হবে। এটি একটি বাস্তবিক সমস্যা এবং এ কাজটি আমাদেরকে গুরুত্বের সাথে পরিচালনা করতে হবে।
ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বর্তমান সরকারের সময়েই সুপ্রিম কোর্টের নির্র্দেশনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
সম্মেলনে আইন সচিব আলাউদ্দিন সরদারসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
