২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের বিরোধিতা সত্ত্বেও জামায়াতের সমাবেশে যোগ দিলেন নোমান

সমর্থকদের উপর্যুপরি বিরোধিতা ও বাধা সত্ত্বেও বিএনপির যুগ্ম-মহাসচিব এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান সাতকানিয়ায় শনিবার অনুষ্ঠিত জামায়াতের সমাবেশে যোগ দিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের সমাবেশে যোগ না দেওয়ার জন্য সমর্থকরা চট্টগ্রাম সার্কিট হাউজে মন্ত্রীকে ঘিরে রাখে। এ সময় ফটোসাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি একজনের ওপর চড়াও হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, অপর তিনজন ফটোসাংবাদিক দৈনিক যুগান্তরের দিদারুল আলমকে ছাড়িয়ে নিতে এলে মন্ত্রী তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

এদিকে, জামায়াতবিরোধী সাতকানিয়া শাখা বিএনপি নেতাকর্মীদের দুটি অবরোধ উপেক্ষা করে শেষপর্যন্ত তিনি ওই সমাবেশে যোগ দেন। পথে দোহাজারির শাহ আমানত ব্রিজে বিএনপি কর্মীরা তাকে বাধা দেয়।

জামায়াতের সাংসদ শাহাজাহান চৌধুরী আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশের আয়োজন করে। এতে মন্ত্রীর যোগদানের ফলে বিএনপির জামায়াতবিরোধী কর্মীসমর্থকদের মধ্যে বিক্ষোভ দেখা দেয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) অলি আহাদের সাথে তার রাজনৈতিক বিরোধের বিষয়টি প্রকাশ্যে চলে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রায় একশ’ নেতাকর্মী সার্কিট হাউজের দিকে এগিয়ে আসে এবং তারা তাকে ওইখানে অবরোধ করে রাখার চেষ্টা করে। মন্ত্রী সাতকানিয়ায় দুপুর ২টায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে সার্কিট হাউজে অবস্থান করছিলেন।

এসময় কিছু কিছু কর্মী মন্ত্রীকে পায়ে ধরে সমাবেশে যোগদান না করার ব্যাপারে অনুরোধ জানায়। কিন্তু মন্ত্রী তার সিদ্ধান্তে অটল থাকেন। ওই সমাবেশে জামায়াতের আমির ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেষপর্যন্ত সার্কিট হাউজের মূল প্রবেশদ্বারে অবস্থান নেয়া কর্মীদের উপেক্ষা করে মন্ত্রী তার গাড়িতে চড়ে সমাবেশের উদ্দেশে রওয়ানা দেন।