বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের জন্য ভারত দায়ী : মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ও পানি সংকটের জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছেন।
তিনি বলেন, ভারত ফারাক্কা বাঁধসহ বিভিন্ন বাঁধ দিয়ে আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশে বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের ভারতের সাধারণ মানুষের মধ্যে প্রচারণা চালাতে হবে। তাদের মধ্যে পানি প্রত্যাহারের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে।
শুক্রবার সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (বিইজেএফ) দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড. আইনুন নিশাত ও মহাসচিব মফিজুর রহমান।
মান্নান ভূঁইয়া বলেন, ভারত পরিকল্পিতভাবে বিভিন্ন নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশকে বিপর্যয়ের মূখে ঠেলে দিচ্ছে। সর্বশেষ টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে বাংলাদেশ ও ভারত দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, বাংলাদেশে পরিবেশ পরিবর্তন হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই পরিবেশের পরিবর্তন ঘটছে। আগে উন্নত দেশগুলোতে গ্যাস উত্তোলন ও বৃক্ষ নিধন করে উন্নয়ন করা হতো। এতে পরিবেশের বিপর্যয় দেখা দেওয়ায় তারা বৃক্ষ নিধন ও গ্যাস উত্তোলন বন্ধ করেছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগে মানুষ নদীর পানি ব্যবহার করতো। কিন্তু বিভিন্ন শিল্প-কারখানার বর্জ্য পড়ে নদীর পানি দূষিত হয়ে গেছে। নদীর মতো খালের পানিও দূষণের কবলে পড়েছে। এখন ভরা মৌসুমেও অনেক নদী ও খালের পানি ব্যবহার করা যায় না।
তিনি বলেন, নদী ও খালের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় গভীর নলকুপের মাধ্যমে মাটির গভীর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে ঢাকার পানির স্তর অনেক নিচে নেমে গেছে। যা নতুন বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।
তিনি পরিবেশ বিপর্যয় থেকে দেশকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
