সিইসি’র সাথে সাক্ষাৎ না হওয়া দুঃখজনক: ট্রয়কা দল
সফররত ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের ট্রয়কা প্রতিনিধি দলের নেতা নিকোলাস শের্ক বুধবার সিইসি’র সাথে সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পরিচালক এবং ইইউ'য়ের বর্তমান প্রেসিডেন্ট দেশ অস্ট্রেলিয়ার প্রতিনিধি নিকোলাস শের্কের কাছে নির্বাচন কমিশনের সাথে বৈঠক না হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, এটা দুঃখজনক। আমরা তার সাথে সাক্ষাৎ করতে চেয়েও পারিনি।
স্বাস্থ্যগত কারণে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ট্রয়কা দলের সাথে পূর্বনির্ধারিত সাক্ষাতের সময়সূচি বাতিল করে দেন।
ট্রয়কা দলের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যাপারেও কোনো সময়সূচি নির্ধারিত হয়নি বলে সূত্র জানায়। এ ব্যাপারে জানতে চাইলে নিকোলাস বলেন, সম্ভবত তিনিও ব্যস্ত।
অন্যদিকে ইউরোপীয় কমিশন বুধবার দুপুর আড়াইটায় হোটেল গুলশানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্তু নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই সংবাদ সম্মেলন শুরু হয় এবং অনেক সাংবাদিকের পৌঁছানোর আগেই অর্থাৎ শুরু হওয়ার মাত্র বিশ মিনিট পর দুইটা ২০ মিনিটে তা নাটকীয়ভাবে শেষ হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ট্রয়কা প্রতিনিধি দল ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সূত্র জানায়, প্রতিনিধি দল নিজেদের মধ্যে তাদের সফরের ব্যাপারে চূড়ান্ত আলোচনার জন্য বুধবার বিকালে বৈঠকে বসবেন এবং এতে ঢাকা ভিত্তিক কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
ট্রয়কা প্রতিনিধি দল তিনদিনের সফরে সোমবার ঢাকায় আসেন এবং এর মধ্যে তারা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধি দলের এটি ছিল প্রথমবারের মতো বাংলাদেশ সফর।
প্রতিনিধি দলে ইইউ'য়ের বর্তমান প্রেসিডেন্ট দেশ অস্ট্রেলিয়ার প্রতিনিধি ও আগামী প্রেসিডেন্ট দেশ ফিনল্যান্ডের প্রতিনিধি, ইউরোপীয় কমিশন এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধরা রয়েছেন। তারা ইইউভুক্ত ২৫ টি দেশের প্রতিনিধিত্ব করছেন।
