২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও কাজের মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং কাজের মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মন্ত্রী বুধবার এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উন্নয়ন কর্মসূচির ওপর বার্ষিক পর্যালোচনা সভায় বক্তব্য দানকালে একথা বলেন।

প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারকে আরো সংস্কার করা প্রয়োজন যাতে এর ক্ষমতায়ন বৃদ্ধি পায়। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।

এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব এস এম জহরুল ইসলাম। দিনব্যাপী পর্যালোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনজন নির্বাহী প্রকোশলী এবং ১০ জন উপজেলা প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীকে বিশেষ দক্ষতার জন্যে পুরস্কৃত করা হয়।

এলজিইডি’র মাধ্যমে সম্প্রতি পুনসংস্কারে কার্যক্রম বৃদ্ধির কথা উল্লেখ করে মান্নান ভূঁইয়া বলেন, পুনসংস্কার কার্যক্রমে দূর্নীতি বেশি হয়, ফলে এ কার্যক্রমে দূর্নীতি রোধে কর্মকতাদের সচেতন হওয়া দরকার।

তিনি বলেন, এলজিইডির মাধ্যমে সরকারের প্রকল্প বাস্তবায়নে চলতি অর্থবছরে সরকারি অর্থায়ন বেড়েছে এবং ভবিষ্যতেও বাড়বে। এলজিইডি’র সাফল্যের কারণে বিভিন্ন মন্ত্রণালয় ইতোমধ্যে যৌথভাবে স্থানীয় সরকার বিভাগের সাথে প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

মন্ত্রী বলেন, জাতীয় প্রকৌশলীদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে তুলনামূলক কম খরচে খিলগাঁও ফ্লাইওভার নির্মাণের কৃতিত্ব এলজিইডিরই।  

প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেন, ২০০৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অবকাঠামোসমূহের ক্ষয়ক্ষতি নিরূপণ করে এলজিইডি দ্রুত প্রতিবেদন দেওয়ায় গত অর্থবছর থেকে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করা সম্ভব হয়েছে।

সচিব এম জহরুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রয়োজন মেটাতেই এলজিইডি সদর দপ্তরে আরডিইসি নামে একটি সহযোগী কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

এলজিইডি বৈদেশিক সাহায্যপুষ্ট এবং সরকারের অর্থায়নে ২০০৪--০৫ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ের আওতায় মোট বরাদ্দ প্রাপ্ত ২৮০৬ কোটি টাকার মধ্যে ২৬৮৪ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছে, যা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট বরাদ্দের শতকরা প্রায় ১৪ ভাগ। গত অর্থবছরে এলজিইডি গৃহীত কর্মসূচির ভৌত ও আর্থিক অগ্রগতি যথাক্রমে ৯৭ এবং ৯৬ শতাংশ। এ সময়ের মধ্যে মোট ৮২টি প্রকল্প বাস্তবায়নাধীনে নিয়ে আসা হয়েছে। এগুলোর মধ্যে ৬৩ প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আওতায়, ১৮টি প্রকল্প অন্যান্য মন্ত্রণালয়ের অধীন। এছাড়া রাজস্ব বাজেটেরও একটি প্রকল্প রয়েছে।