চট্টগ্রামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
আইনজীবীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের একটি আদালতের আইনজীবীরা সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং একটি বেঞ্চের মধ্যকার এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মঙ্গলবার এক জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ৩২৩ ধারার একটি জামিনযোগ্য মামলায় অ্যাডভোকেট দীপককান্তি দত্ত তার মক্কেলদের জন্য জামিন না পেয়ে ম্যাজিস্ট্রেট বদরুল হায়দারের সাথে দুর্ব্যবহার করেন।
ঘটনার এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সাথে ওই আইনজীবীর বাদানুবাদ শুরু হয় এবং তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
পরে ওই আইনজীবী আদালত থেকে বেরিয়ে এসে এ ব্যাপারে প্রতিকার চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিশেষ আবেদন করেন এবং তিনি তাকে চারদিন পরে আসতে বলেন।
অন্যদিকে, ম্যাজিস্ট্রেট বদরুল হায়দারের প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমন জারি করেন এবং ওই আইনজীবীকে ডেকে পাঠান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ওই আইনজীবী উপস্থিত হলে তাকে তিনি একজন রেকর্ড অফিসার, ম্যাজিস্ট্রেট বদরুল হায়দার, কোর্ট সাব ইনস্পেক্টর ও অন্যান্যদের সামনে তাকে মারধর করেন এবং গ্রেফতারের হুমকি দেন।
ওই আইনজীবী বিষয়টি তার সহকর্মীদের জানালে প্রায় তিনশ’ আইনজীবী একটি মিছিল নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
পরে তারা একটি মিছিল করে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এ ব্যাপারে বারবার যোগাযোগ করেও অতিরিক্ত জেলা ম্যাহিজস্ট্রেটকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খোরশেদুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি অপ্রীতিকর। তিনি আরও বলেন, এ মামলায় ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
