ফেনী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে উত্তেজনা, ভাংচুর
ফেনী সরকারি কলেজে পুরাতন কমিটি স্থগিত করে নতুন আহবায়ক কমিটি গঠন করাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান করায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। একগ্রুপ সোমবার বিক্ষোভ মিছিল ও আসবাবপত্র ভাংচুর করেছে।
সংগঠন সূত্র জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সম্প্রতি ফেনী সরকারি কলেজ ছাত্রদলের পুর্ববর্তী কমিটির কার্যক্রম স্থগিত করে আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন করে। কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে আহবায়ক ও মো. সালাহ উদ্দিন মামুন, সালেহ আহাম্মদ সাগর, মোর্শেদ আলম মিলন এবং আবু নাসের চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কিন্তু ছাত্রদলের একাংশ এ কমিটি মেনে নেয়নি। সোমবার বেলা ১২টার দিকে ছাত্রদলের একাংশ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে এবং বর্তমান আহবায়ক কমিটি বাতিলের দাবি জানায়। তারা যুগ্ম আহবায়ক মো. সালাহ উদ্দিন মামুনকে আহবায়ক করার দাবিতে আসবাবপত্র ভাংচুর করে।
কলেজ কমিটির আহবায়ক বেলাল হোসেন জানান,এই আহবায়ক কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত কমিটি। কেন্দ্রীয় যে কোনও নির্দেশ তারা মেনে চলছে।
