সিইসি ও নবনিযুক্ত ২ইসি’র বিরুদ্ধে আদালত অবমানননা মামলা দায়েরের চিন্তা করছে বিরোধী আইনজীবীরা
অব্যাহতভাবে ভোটার তালিকা তৈরি সংক্রান্ত হাইকোর্টের রায় অমান্যের অভিযোগে বিরোধী আইনজীবীরা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়ার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়েরের ব্যাপারে আলাপ আলোচনা করছেন।
এদিকে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশনের আইনজীবীরা।
সিনিয়র আইনজীবী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির--উল ইসলাম বলেন, আমরা হাইকোর্টের আদেশের পর নির্বাচন কমিশনারদের সকল কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখছি। অব্যাহতভাবে ভোটার তালিকা তৈরি সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় অমান্য করায় আমরা সিইসি ও নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের চিন্তা ভাবনা ও আলাপ আলোচনা করে যাচ্ছি।
তিনি সোমবার বিডিনিউজকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ একই সাথে আপিল বিভাগের বিচারক রয়েছেন এবং সিইসি হিসেবে দায়িত্বপালন করছেন।
তিনি বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উভয় প্রতিষ্ঠানকেই সংকটে ফেলেছেন। আমরা তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে তিনি প্রকৃতই সমস্যায় পড়বেন।
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার এম আমির-উল ইসলাম বলেন, উভয় পক্ষের আইনজীবীর বਡઙব্য এবং ঐকমত্যের ভিত্তিতে হাইকোর্ট এ রায় প্রদান করেছেন।
তিনি বলেন, আমি বুঝতে পারছি না কিসের ভিত্তিতে নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে। এটি নির্বাচন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদই ভালো বলতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুুবউদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন যে আগামী সপ্তাহেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।
তিনি বলেন, ‘আপিল করার জন্যে আমি প্রস্তুত। মামলা পরিচালনার জন্যে নির্বাচন কমিশন আমাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেছে। বਡઙব্য ও যুক্তি যেহেতু অনেক বড় হবে তাই আমি আপিল করার জন্যে সময় নিচ্ছি’।
তিনি আরও বলেন, আদালতের নীতিমালা অনুযায়ী, কোনও বাদি বা বিবাদি রায়ের বিরুদ্ধে আপিল করার জন্যে ৬০ দিন সময় পান।
তিনি বলেন, ‘ভোটার তালিকা তৈরির ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার জন্যে আমার হাতে এখনও একমাস সময় আছে’।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সাধারণ সম্পাদক অ্যাড এনায়েতুর রহিম বিডিনিউজকে জানান, আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পেতে সিইসি এবং নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি, সিইসি’সহ তিন নির্বাচন কমিশনার দুইজন সিনিয়র কমিশনার ও বৈঠকের মতামত উপেক্ষা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন। এটা সরকারের সিদ্ধান্ত। সরকারের এই তিন বিতর্কিত লোক আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পাবেন না। দেশের জনগণ তাদের আপিলের সিদ্ধান্ত মেনে নেবে না। এ ধরনের গণবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে তারা আরও বিতর্কিত হয়ে উঠবেন।
