২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে নানক, হাজী সেলিমের আগাম জামিন মঞ্জুর

সরকারের দায়ের করা একটি ফৌজদারী মামলায় হাইকোর্ট সোমবার যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি হাজী সেলিমসহ আওয়ামী লীগের চার নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

অভিযুক্ত চার নেতার দায়ের করা একটি জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত একই সাথে এ মামলায় আবেদনকারীদের কেন নিয়মিত জামিন মঞ্জুর করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারের প্রতি একটি রুল জারি করেন।

রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ জামিন আদেশ বহাল থাকবে।

২১ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউতে ২২ জানুয়ারির হরতালের সমর্থনে মিছিল করার সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ তাদের দায়িত্ব পালনে বাধাদান ও পুলিশের উপর হামলার অভিযোগে নানক ও হাজী সেলিমসহ চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা দায়ের করে। 

অভিযুক্তরা সোমবার হাইকোর্টে হাজির হয়ে এ মামলায় জামিন আবেদন জানান।

আবেদনকারীদের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বাসেত মজুমদার।