বিরোধী দল হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: প্রধানমন্ত্র
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি বলেন, বিরোধী দল জাতীয় সংসদে যায় না। কিন্তু সংসদ সদস্য হিসেবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছে। তারা সন্ত্রাসীদের মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। জনগণ এখন তাদের সাথে নেই ।
সাতক্ষীরার কলারোয়ায় রোববার এক সমাবেশে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দল এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ যাতে স্বয়ং সম্পূর্ণ না হতে পারে সেজন্যে তারা ঘন ঘন হরতাল করে নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি বলেন, দেশ স্বয়ং সম্পূর্ণ হলে বেকারত্ব থাকবে না। ছেলেরা চাকরি পাবে। কিন্তু বিরোধী দল তা চায় না। যারা দেশের মঙ্গল চায় না তারা বিদেশীদের মদদে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী সাতক্ষীরা পলিটেকনিকের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
তিনি বলেন, দেশের চারদিকে যখন উন্নয়নের জোয়ার বইছে তখন একটি দল কথায় কথায় নির্বাচিত সরকারের পদত্যাগ দাবি করছে। তারা বিদেশি প্রভূদের খুশি করতে দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। সেইসাথে তারা চারদলীয় জোট ভাঙ্গারও ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য, জনগণের উন্নয়নের জন্যে নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন বিদেশিদের মদদে একটি দল বোমাবাজি করে দেশে ইসলাম কায়েম করতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এদেশ পিছিয়ে গেছে। তারা ক্ষমতায় গিয়ে জেলায় জেলায় একজন গডফাদার তৈরি করে।
খালেদা জিয়া বলেন, তার সরকার ক্ষমতায় গিয়ে সন্ত্রাস দমনের জন্যে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছে। গঠন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে কৃষিখাতে ১০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল অথচ তাদের সরকার দিয়েছে ১৩০০ কোটি টাকা। দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে। দেশ এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আবার ক্ষমতায় এলে মেয়েদের লেখাপড়া ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করা হবে।
জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও কাজী আলাউদ্দিন এমপি।
