বিরোধী দলের আসন শূন্য হলে সরকার পরিস্থিতি পর্যালোচনা করে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, লাগাতার অনুপস্থিতির কারণে জাতীয় সংসদে যদি বিরোধী দলের আসন শূন্য হয়ে যায় সে ক্ষেত্রে সরকার পরিস্থিতি পর্যালোচনা করে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।
অষ্টম জাতীয় সংসদের ২০তম অধিবেশনে বিরোধী দলের যোগদান প্রসঙ্গ এবং নির্বাচন কমিশন নিয়ে সাম্প্রতিককালের বিতর্ক নিয়ে রোববার সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন।
মান্নান ভূঁইয়া বলেন, সরকার চায় বিরোধী দল সংসদে এসে যথাযথ ভূমিকা রাখবে। কিন্তু তারা তা না করে ঘন ঘন হরতাল করছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
“এমন অবস্থা চলতে থাকলে বিরোধী দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে,” বিএনপি মহাসচিব বলেন।
তিনি বলেন, “আমরা আশা করি আওয়ামী লীগ সংসদে আসবে এবং বিভিন্ন বিষয়ে সমাধানের জন্য আলোচনায় বসবে।”
মান্নান ভূঁইয়া বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংলাপের কোন বিকল্প নেই। আলাপ আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে হবে।
সোমবার যখন সংসদ অধিবেশন বসবে তখন পল্টন ময়দানে সমাবেশ করবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল। এছাড়া নগরীতে বিক্ষোভ কর্মসুচিও নিয়েছে বিরোধী দল।
অবশ্য চলতি অধিবেশনের যে কোনো দিন সংসদে যোগ দিতে পারে আ. লীগ। চলতি অধিবেশন দীর্ঘ হলে এবং আ. লীগ অনুপস্থিত থাকলে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ দলের সাংসদদের অনেকেই সদস্যপদ হারাতে পারেন।
