২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার সংসদ অধিবেশন শুরু, আ’লীগ যোগ দিতে পারে

সোমবার বিকেল ৪টায় ৮ম জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে। এটি হচ্ছে চলতি বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন। এ অধিবেশনেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ যোগ দিতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

রীতি অনুযায়ী এ অধিবেশনের উদ্বোধনী দিবসে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ জোট সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা থাকায় এ অধিবেশন কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে।

অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

৯০ কার্যদিবস অনুপস্থিতির কারণে সদস্যপদ বাতিলের বাধ্যবাধকতা থাকায় দীর্ঘ এক বছর পর প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদের এ অধিবেশনেই যোগ দিতে পারে। সংসদে যোগ দিলেও রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণে আওয়ামী লীগ প্রথম দিনেই সংসদে যোগ দেবে না। ওইদিন ১৪ দল পল্টন ময়দানে জনসভা করবে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সংসদে ফিরেই দেশে সাম্প্রতিক বোমাবাজি ও জঙ্গি তৎপরতা নিয়ে আলোচনার চেষ্টা করবে। এতে সরকারি দলের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া হলে তারা ওয়াক আউট করতে পারে। এ নিয়ে সংসদ উত্তপ্ত হয়ে উঠতে পারে।

এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপণ ও পাস করা হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : জঙ্গি বোমাবাজদের কঠোর শাস্তির বিধান করে সন্ত্রাস বিরোধী বিল, কোম্পানি আইন সংশোধনী বিল, বিশ্বব্যাংকের দায়মুক্তি বিল, মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিল ও বেসরকারি নিরাপত্তা সেবা বিল।

সূত্র জানায়, দেশব্যাপী সাম্প্রতিক বোমা হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয় সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়নের বিভিন্ন দিক খতিয়ে দেখছে। বিলটির খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে। সংসদে উত্থাপণের আগে বিলটি মন্ত্রিসভায় চূড়ান্ত করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দলের সাংসদদের পক্ষ থেকে আসন্ন অধিবেশনে মন্ত্রীদের প্রশ্নোত্তরের জন্য ১৬৪টি প্রশ্ন ও প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য ৫৮টি প্রশ্ন জমা দেওয়া হয়েছে।

এছাড়াও আওয়ামী লীগের সাংসদরা জঙ্গি ইস্যু, সাবেক অর্থমন্ত্রী ও সাংসদ কিবরিয়া হত্যাকাণ্ড, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাসসহ বেশ কয়েকটি ইস্যুতে নয়টি মূলতবি প্রস্তাব জমা দিয়েছেন।

সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া প্রধান বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ।

মান্নান ভূঁইয়া বলেন, সংসদের অধিবেশনে যোগ দিতে বিরোধী দলের সাংসদদের বৈধ অধিকার রয়েছে। তাদের সংসদে ফিরে আসা উচিত। তারা তাদের বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে কথা বলতে পারেন।

আখতার হামিদ সিদ্দিকী বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেন, সাংসদ পদ ধরে রাখার চেয়েও শীতকালীন অধিবেশনে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে বিরোধী দলের সংসদে ফিরে আসা উচিত।

এ ব্যাপারে বিরোধী দলের উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, আওয়ামী লীগের সংসদে ফেরার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদীয় দলের সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার ১৪ দলের সভা শেষে সংসদীয় দলের সভার দিনক্ষণ ঠিক করা হবে বলে তিনি জানান।

এদিকে ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে সংসদ অধিবেশন চলাকালে ঢাকা মহানগরীরর বেশ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।