কারচুপি করে জোটের আবারও ক্ষমতায় আসার স্বপ্ন লড়াকু জনতা ধুলিস্যাত করবে: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র সন্ত্রাসী ও পুলিশ দিয়ে অধিকার সচেতন বাঙালিকে প্রতিহত করা যাবে না। বাংলার লড়াকু জনতা ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের মাধ্যমে জোট দুঃশাসনের চির অবসান ঘটাবে।
কারচুপি ও ভোট ডাকাতির মাধ্যমে তাদের আবারও ক্ষমতায় আসার স্বপ্নসাধ জনতা ধুলিস্যাত করবে।
শনিবার এক বিবৃতিতে তিনি ১৪ দলের হরতাল সমর্থনে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে পুলিশ ও সন্ত্রাসীদের হামলা ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ওপর বিএনপি’র সশস্ত্র সন্ত্রাসী ও পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
তিনি বলেন, হত্যা খুন, সন্ত্রাস, লুটপাট ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আতœসাত করে সরকার দলীয় এমপি, মন্ত্রী ও নেতা কর্মীরা যতই জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, জোট সরকার ততোই মরিয়া হয়ে উঠেছে। সরকার জনতার রুদ্ররোষ ও ঘৃণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সরকার দলীয় লোকদের নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বস্তরে নিয়োগ করে কারচুপি ও ভোট ডাকাতির মাধ্যমে আবারও ক্ষমতায় আসার ঘৃণ্য অপপ্রয়াস চালাচ্ছে। জনগণ গণ আন্দোলনের মাধ্যমে তাদের সেই স্বপ্ন ধুলিস্যাত করবেই।
শেখ হাসিনা রোববারের হরতাল এবং সোমবারের পল্টন ময়দানের জনসভা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
