বর্ষিয়ান রাজনীতিক মিজান চৌধুরীর অবস্থা এখনো আশঙ্কাজনক
বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রখ্যাত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর অবস্থা এখনো আশংকামুক্ত নয়।
ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসকরা শনিবারও কৃত্রিম শ্বাস - প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা অব্যাহত রাখেন।
চিকিৎসকরা বিডিনিউজকে জানান, শুক্রবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার অবস্থা আশংকাজনক পর্যায়ে পৌছায়। তার শরীরে অষুধ প্রয়োগ করা হলে শনিবার সকালে তিনি কিছুক্ষণের জন্য চোখ মেলে তাকান।
বারডেম হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডা. জেরিন বিডিনিউজকে জানান, শুক্রবার রোগির হৃদযন্ত্র ক্রিয়া কিছু সময়ের জন্য অকেজো হয়ে পড়ে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে পরে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে তিনি আশংকামুক্ত নন।
তিনি জানান, তার কিডনি অকার্যকর; এছাড়া হৃদযন্ত্র ও ফুসফুসসহ আরো বেশকিছু সমস্যা রয়েছে। এ কারণে কয়েকদিন ধরে তিনি ‘কোমায়’ ছিলেন। আর এখন তিনি ‘ডিপ কোমায়’ রয়েছেন।
মিজান চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছেন। দেশ - বিদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার পর গত সপ্তাহ দুয়েক ধরে বারডেম হাসপাতালে ডা. ওমর ফারুকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
