বিজেএএফ’র সভাপতি পদ থেকে নাজমুল হুদার পদত্যাগ
সবাইকে অবাক করে দিয়ে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) নতুন কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যে শুক্রবার এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার রাতে জরুরী ভিত্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার হুদা পদত্যাগের এ ঘোষণা দেন।
এ সংবাদ সম্মেলনের আগে তার প্রতিদ্বন্দ্বী বিজেএএফ’র অপরাংশের নেতা বিচারপতি টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক অপর একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা বলেন, নতুন কমিটি গঠন এবং সভাপতি হিসেবে তারা নামজুল হুদাকে মেনে নেবেন না।
পৃথক এ সম্মেলনে উভয় গ্র“প একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে।
বৃহস্পতিবার জাতীয় সম্মেলন ডেকে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৩০১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করে। নতুন কমিটিতে নামজুল হুদাকে সভাপতি এবং তার প্রতিদ্বন্দ্বী গ্র“পের নেতা ব্যারিস্টার আমিনুল হককে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও অ্যাডভোকেট টিএইচ খানসহ প্রতিদ্বন্দ্বী গ্র“পের আরও অনেক নেতাকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, অ্যাডভোকেট টিএইচ খানের তাকে প্রতিহতের ঘোষণার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এর আগে টিএইচ খানের নেতৃত্বাধীন গ্র“পের নেতারা বলেছিলেন, তারা নবগঠিত কমিটি এবং হুদার সভাপতিত্ব মেনে নেবেন না।
তারা বলেন, কোনও কর্তৃত্ব না থাকা সত্ত্বেও ব্যারিস্টার হুদা তার নিজের মত করে সম্মেলন ডেকে এ কমিটি গঠন করেছেন।
সংবাদ সম্মেলনে টিএইচ খান অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ অমান্য করে নাজমুল হুদা এ সম্মেলন করেছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের নির্দেশ পেলে শিগগিরই তারাও একটি সম্মেলন আহ্বান করবেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও মোহাম্মদ সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
টিএইচ খানের নেতৃত্বাধীন গ্র“পের অভিযোগ, ব্যারিস্টার হুদার সম্মেলনে বিআরটিসি বাসের হেলপারদের এবং তার স্ত্রী সিগমা হুদার পরিচালনাধীন মানবাধিকার সংস্থা থেকে লোক নিয়ে আসে।
অ্যাডভোকেট টিএইচ খানের এ সংবাদ সম্মেলনের কিছু পরই ব্যারিস্টার নাজমুল হুদা পৃথক সম্মেলনে ডেকে পদত্যাগের ঘোষণা দেন।
ব্যারিস্টার হুদা বলেন, টিএইচ খান তাকে মেনে না নেওয়ার ঘোষণা দেওয়ায় তিনি ফোরাম সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না এই আশংকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, টিএইচ খানের প্রতিহত করার ঘোষণা তার কাছে অপ্রত্যাশিত ছিল। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলন অবৈধ ছিল না বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট টিএইচ খানের সাথে বৈঠক করে পদত্যাগপত্র দাখিল করা যেহেতু সম্ভব নয় তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার পদত্যাগপত্র পেশ করলাম।
টিএইচ খানের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এবং বিজেএএফ’র সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ সানাউল্লাহ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যারিস্টার নাজমুল হুদা যেহেতু বিজেএএফ’র কোন বৈধ সংগঠনের সাথে যুক্ত নন তাই তার পদত্যাগ করার বিষয়ই আসে না।
