হরতাল, জনসভা ও লংমার্চ সফল করতে ১৪ দলের ব্যাপক প্রস্তুতি চলছে
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। রোববারের হরতাল, সোমবার পল্টন ময়দানের জনসভা এবং ৫ ফেব্র“য়ারি ‘চলো চলো ঢাকা চলো’ শ্লোগানে লংমার্চ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ১৪ দল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনারকে (ইসি) অপসারণ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দলের প্রস্তাবের বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে ১৪ দল এসকল ধারাবাহিক কর্মসূচি হাতে নেয়।
কর্মসূচি সফল করতে এবং দাবির পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ, এর সকল সহযোগী সংগঠন এবং ১৪ দলের বিভিন্ন পর্যায়ে চলছে প্রস্তুতি বৈঠক ও প্রচারণার কার্যক্রম। শুক্রবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর ও সংসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি বৈঠক করেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
এছাড়াও যুবলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতৃবৃন্দের সাথে কর্মসূচিসমূহ সফল করার বিষয়ে পৃথক বৈঠকে মিলিত হন। যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভপতিত্বে এ বৈঠকটিও কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়াও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচির সমর্থনে শুক্রবার বিকেলে নগরীতে মিছিল ও বঙ্গবন্ধু এভেনিউতে সমাবেশ করে।
দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, ১৪ দল কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের পক্ষে শনিবার সকাল থেকে নগরীতে ব্যাপক প্রচারাভিযান এবং জনসংযোগ করা হবে।
মহানগর আওয়ামী লীগ নেতা কাজী মোশতাক এলেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় এ কার্যক্রমের অংশ হিসেবে সর্বস্তরের মানুষের কাছে লিফলেট বিতরণ এবং বিরোধী দলের দাবি ও আন্দোলন কর্মসূচির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করা হবে।
এলেন শুক্রবার বিডিনিউজকে জানান, ১৪ দলের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম চলছে । শনিবার কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ চারটি টিমে পৃথক চারটি ট্রাকে চড়ে প্রচারাভিযান চালাবেন। এর আগে সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
