আদর্শ ও নীতি নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: মেধাবী শিক্ষার্থীদের প্রতি শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা লেখাপড়ায় আরো মনোযোগী হয়ে জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য মেধাবী শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে সেবার মনোভাব ও দেশপ্রেমের আদর্শ নিয়ে দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্যও তাদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার এসএসসি পরীক্ষায় (২০০৫) জিপিএ -- ৫ প্রাপ্ত ছাত্র -- ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ আহ্বান জানান।
ছাত্রলীগের উদ্যোগে নগরীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ -- ৫ প্রাপ্ত প্রায় সাত হাজার ছাত্র -- ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয় এই অনুষ্ঠান।
পরে আওয়ামী লীগ সভানেত্রী মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। বিকেলে একই স্থানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
শেখ হাসিনা তার বক্তব্যে পড়াশুনার উপযুক্ত পরিবেশ এবং যথাযথ শিক্ষানীতি বাস্তবায়ন না করার জন্য বিএনপি -- জামাত জোট সরকারের সমালোচনা করেন।
তিনি বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে বলেন, মহৎ অর্জনের জন্য মহৎ ত্যাগের প্রয়োজন। কিন্তু ক্ষমতাসীনদের ত্যাগের কোনো বালাই নেই। তারা সঠিক শিক্ষানীতি ও আদর্শের চিন্তা করে না। সুশিক্ষার অভাব ও ভালো কাজের প্রতি আগ্রহ নেই বলে অসৎ উপায়ে অর্জিত অর্থ সম্পদ ভোগ এবং বিলাস করতেই তারা মত্ত। এদের কাছ থেকে দেশের উজ্জ্বল ভবিষ্যত আশা করা যায় না।
তিনি আরো বলেন, তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়তে তথা দেশকে আলোকিত করতে আজকের এই আলোকিত শিক্ষার্থীদেরই সঠিক নেতৃত্ব দিতে হবে।
সংবর্ধিত ছাত্র ছাত্রীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, প্রশ্নপত্র ফাঁস, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ ও বোমা হামলা চালিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। এর মাঝেও পড়ালেখা করে ভালো ফলাফল করার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের হাতে আজ স্বাধীন দেশের রক্তাক্ত পতাকা। তারা রাজনৈতিক উদ্দেশ হাসিল করার জন্য পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করছে।
শেখ হাসিনা দেশের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার সমালোচনা করে বলেন, বাংলার ছেলে মেয়েরা মেধার দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ। তাই শিক্ষানীতি এমন হওয়া উচিত, যেনো প্রতিটি শিক্ষার্থীই কৃতকার্য হয়। কিন্তু বৈষম্যের কারণে অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ যারা অর্থ ও অন্ন কষ্টে ধুঁকে ধুঁকে মরছে, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, সেই সব দু:স্থ শিশু ও পরিবারের কল্যাণে কাজ করতে হবে। অসহায় দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।
আওয়ামী লীগ প্রধান আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং যুব সমাজের জন্য আরও কর্মসংস্থানের ঘোষণা দেন।
ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
আলোচনায় অংশ নেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল বারকাত, বিএফইউজে’র একাংশের মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, অ্যাডভোকেট তারানা হালিম, প্রকৌশলী মোজাম্মেল বাবু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফুর রহমান খান জয়।
সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইশতিয়াক আহমেদ ও শারমিন সোবহান।
