জিয়া পরিবারের প্রত্যেক সদস্য আমার নেতা: নাজমুল হুদা
বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) একাংশের আহ্বায়ক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে, কেবল তারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও বজায় রাখতে পারে।
তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি বিএনপির সাথে আছি এবং মৃত্যু পর্যন্ত বিএনপির সাথেই থাকব।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) প্রাঙ্গণে বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭০তম জন্মবার্ষিকী উদযাপনের পাশাপাশি ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম এ সম্মেলনের আয়োজন করে।
জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ৭০ পাউন্ড ওজনের একটি কেক কেটে সম্মেলনের উদ্বোধন করেন ব্যারিস্টার হুদা।
যোগাযোগ মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ করে হাইকোর্ট রুল জারি করার পরও বেশ কিছু বিরোধী দল সমর্থক আইনজীবী হাইকোর্টের এ রুলকে অগ্রাহ্য করে রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছেন।
ওই সব বিরোধী দল সমর্থক আইনজীবীদের প্রতিহত করার জন্যে জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধ করতে আমরা এ সম্মেলনের আয়োজন করেছি।
অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ’র অপর অংশের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পুরনো ও নিষ্ক্রিয় নেতাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেয়াদ ১০ থেকে ১২ বছর আগেই শেষ হয়ে গেছে। বিজেএফ’র নতুন গতিশীল কমিটি গঠনের জন্যে বিএনপি সমর্থক আইনজীবীরা ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান রহমান এমপি, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়া, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, হেলালউদ্দিন মোল্লাহ ও বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট ফেরদৌস আখতার ওয়াহিদা এমপি ও অ্যাডভোকেট লুৎফে আলম প্রমুখ।
