জরুরী বৈঠকে বসছে নির্বাচন কমিশন
প্রধান র্বিাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ গত ৮ জানুয়ারির পর বৃহস্পতিবার প্রথমবারের মত অফিসে যোগ দিয়েছেন।
নির্বাচন কমিশন দুপুরে নির্ধারিত বৈঠকে বসতে যাচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার সকাল পৌনে ৯টায় অফিসে আসেন। অন্যান্য নির্বাচন কমিশনাররাও অফিসে এসেছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, অসুস্থতার কারণে প্রধান নির্বাচন কমিশনার এতদিন অফিস করতে পারেননি।
তবে ধারণা করা হয়, ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাইকোর্টের রায় অনুযায়ী বৈঠক এড়াতে তিনি অফিস ত্যগ করেন।
গত ৪ জানুয়ারি হাইকোর্টের রায়ে ২০০০ সালের ভোটার তালিকার ওপর ভিত্তি করে ভোটার তালিকা প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া এ নিয়ে নির্বাচন কমিশনকে বৈঠক ডাকতেও নির্দেশ দেন।
নতুন ভোটার তালিকা প্রণয়নের বিরোধী দু’ নির্বাচন কমিশনার এম মুন্সেফ আলী ও একে মোহাম্মদ আলী হাই কোর্টের রায়কে স্বাগত জানান।
এদিকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজদ্দিন আহম্মদ সোমবার বিএনপি সমর্থিত বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে কাজ করতে ওই দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন।
