আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে আইনজীবীদের প্রতি ড. কামালের আহ্বান
বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বুধবার আইনজীবীদের দলীয় আদর্শ ও মতভেদ ভুলে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানের মূলমন্ত্র রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।
ঢাকা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বুধবার অ্যাডভোকেট শামসুল হক চেধৈুরী স্মৃতি পরিষদ আয়োজিত ‘গণতান্ত্রিক পদ্ধতি রক্ষায় বিচার বিভাগ এবং বারের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রথান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, স্বৈরাচারি এরশাদ সরকারের সময় সংবিধানের ওপর আঘাত আসলে অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী আইনজীবীসহ দেশের ২২টি পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করেছিলেন।
তিনি বলেন, স্বৈরাচার শাসনামলে সংবিধান রক্ষায় আইনজীবী ও অ্যাটর্নি জেনারেলসহ সরকারি আইন কর্মকর্তারা পর্যন্ত আদালত বর্জন করেছিলেন। কিন্তু বর্তমানে সংবিধানের অস্তিত্ব প্রশ্নেও আইনজীবীরা বিভক্ত হয়ে পড়েছেন।
তিনি প্রয়াত শামসুল হক চৌধুরীর আদর্শ অনুসরনের জন্যে আইনজীবীদের প্রতি আহবান জানান।
অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিচারপতি কাজী ইবাদুল হক।
