সিইসি’র বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে এসসিবিএ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ‘অসদাচরণের’ ওপর শুনানির জন্যে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে।
ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত মামলায় হাইকোর্টের আদেশ অমান্য করায় সিইসি’র বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাড. এম ইনায়েতুর রহিম মঙ্গলবার বিডিনিউজকে বলেন, হাইকোর্টের রায় ঘোষণার ১০/১২ দিন পরও আদেশ বাস্তবায়ন না করে প্রধান নির্বাচন কমিশনার আদালত অবমাননা করেছেন।সিইসি বিচারপতি এমএ আজিজের এ অসদাচরণের বিষয়ে শুনানি অনুষ্ঠানের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্যে আমি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি।
ইনায়েতুর রহিম বলেন, আমরা জেনেছি যে, সিইসি অস্বচ্ছ উপায়ে গোপনে দুজন নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে সরকারের সুপারিশ করেছে। তিনি অসৎ উদ্দেশ্যে তা করেছেন। ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের বৈঠক আহ্বান করেননি, বরং তিনি এখনও ফাইল চালাচালি করছেন।
তিনি বলেন, ১৫ ফেব্র“য়ারির নির্বাচনের মতো নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন।
তিনি আরও বলেন, বিএনপিপন্থি লোক নিয়োগ করে সরকার নির্বাচন কমিশনকে কুক্ষীগত করার চেষ্টা করছে। এসএম জাকারিয়া বিভিন্ন দুষ্কর্মে প্ররোচনা দিয়েছেন এবং আদালতের আদেশ লঙ্ঘন করে আবারও আদালত অবমাননা করেছেন। সরকারের অনুকূলে একটি নীল নকশার নির্বাচন সম্পন্ন করতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন কমিশনের অচলাবস্থা নিরসনে নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে বলে যে মন্তব্য করেন, তার সে মন্তব্যকে এসসিবিএ’র সাধারণ সম্পদক শিশুসুলভ ও হাস্যকর বলে অভিহিত করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে বা নতুন সদস্য নিয়োগ নিয়ে কোনও বিতর্ক বা সংকট নেই, কিন্তু ভোটার তালিকার ব্যাপারে আছে। সরকার বুঝে ফেলেছে যে, হাইকোর্টের রায় মেনে নিলে তাদের নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই তারা রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, আইনমন্ত্রী গত আট মাসের মধ্যেও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজির ব্যাপারে রাষ্ট্রপতির দেওয়া আদেশের সাথে একমত হতে পারেননি।
অ্যাড. ইনায়েত বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার অচলাবস্থা নিরসনে আইনমন্ত্রী গত কয়েক বছরেও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ব্যাপারে কোনও পদক্ষেপ নেননি। কিন্তু অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে সরকার রাতারাতি দুজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছে।
এসসিবিএ নেতা ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউটর অ্যাড. আনিসুল হক বিডিনিউজকে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে অস্থিতিশীলতা বিরাজ করছে দুজন কমিশনার নিয়োগ দিয়ে সরকার সেই পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
তিনি বলেন, সরকারের এ ভূমিকায় এটা স্পষ্ট হয়েছে যে, দেশের জন্য বিপর্যয়কর কোনও ইস্যুর ব্যাপারে সরকার দায়িত্বশীল নয়। বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে, সরকার স্থিতিশীলতা আনয়নের ব্যাপারে আন্তরিক হলে নির্বাচন কমিশনের ব্যাপারে বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারত।
অ্যাড. আনিস বলেন, ক্ষমতাসীন বিএনপি সংকট নিরশনের ব্যাপারে আন্তরিক না থাকায় তারা নিরপেক্ষ নয় এমন দুজন লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, এ কথা জানা গেছে যে, সরকারের কয়েকজন মন্ত্রী বলেছেন, অচলাবস্থা নিরশনের জন্যই তা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার মতো অনেক ক্ষেত্রেই আপিল বিভাগে একজন বা দুজন বিচারক নিয়োগ দিলেই সমস্যার সমাধান হত। সেরকম অনেক বিষয়ই এখনও ঝুলে আছে। কিন্তু সেসব ক্ষেত্রে সরকার এরকমটি করেনি।
