নতুন ইসি’র নিয়োগ বাতিলের দাবিতে যুবলীগের বিক্ষোভ, সিইসির কুশপুত্তলিকা দাহ
নবনিযুক্ত দু’জন নির্বাচন কমিশনারের (ইসি) নিয়োগ বাতিলের দাবিতে আওয়ামী যুবলীগ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
তারা ‘সরকারের অনুগত বিতর্কিত ব্যক্তিকে অবৈধভাবে’ নিয়োগের প্রতিবাদ জানায়।
বঙ্গবন্ধু এভিনিউয়ে যুব লীগের সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষুব্ধ নেতা--কর্র্মীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের কুশপুত্তলিকা দাহ করে।
মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।
বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, হারুনুর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী, অজয় কর খোকন ও নুরুন্নবী চৌধুরী শাওন।
বক্তারা আওয়ামী লীগসহ ১৪ দল ঘোষিত ২২ জানুয়ারির হরতাল এবং অন্যান্য কর্মসূচি সফল করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, জোট সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথের আন্দোলনের মাধ্যমেই জোট দুঃশাসনের পতন ঘটানো হবে।
