বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়া নতুন নির্বাচন কমিশনার
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ সোমবার দুজন নতুন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন - বিচারপতি মাহফুজুর রহমান ও নির্বাচন কমিশন সচিব সম জাকারিয়া।
রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেছুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে তিনি বিডিনিউজকে বলেন, রাষ্ট্রপতি ওই দুজনের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।
এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ওই দুজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ করেছে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, সদ্য নিয়োগপ্রাপ্ত কমিশনাররা বিকালেই শপথগ্রহণ করেন। বর্তমান নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ও মুন্সেফ আলীর নিয়োগ আগামী ১৯ এপ্রিল শেষ হচ্ছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ সোমবারও অফিস করেননি।
বিকাল সাড়ে ৫ টায় সম জাকারিয়া সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনার হিসেবে আমি শপথ গ্রহণ করেছি।
তিনি বলেন, এটি একটি সাংবিধানিক পদ। এই পদে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। এ দায়িত্বে থেকে আইন ও সংবিধানের বাইরে কোনো কথা বলা যাবে না। আমি আইন ও সংবিধানকে রক্ষা করবো।
তিনি কারো নাম উল্লেখ না করেই বলেন, নির্বাচন কমিশনের দুর্ভাগ্য। সাংবিধানিক ও জাতীয় প্রতিষ্ঠানে থেকে এই প্রতিষ্ঠানকে নিয়ে কেউ কেউ ছেলেমানুষী করেছেন। এটি অন্যায়। এই পদটি অতি পবিত্র।
সম জাকারিয়া জানান, প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার নাগাদ অফিস করতে পারেন। তিনি এখন বেশ খানিকটা সুস্থ। তবে চিকিৎসকরা তাকে আরো দুয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ওই দুজন নির্বাচন কমিশনার নিয়োগের প্রতিবাদে বিকালে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল করে। কড়া পুলিশী প্রহরায় মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা - কর্মীরা অংশ নেয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।
বিক্ষোভ মিছিল থেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভকারীরা একই সঙ্গে আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কমিশন অভিমুখে ১৪ দলের পদযাত্রা কর্মসূচি সফল করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানায়।
