বগুড়া জেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত
বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী সাংসদ অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতির সাথে সাধারণ সম্পাদিকা নিহার সুলতানা তিথির দ্বন্দ্বের সূত্র ধরে জেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
২৮ ডিসেম্বর কেন্দ্রীয় আহ্বায়ক, মহিলা ও বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও দলের যুগ্ম সম্পাদিকা নাজমা বেগমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
একটি সূত্র জানায়, সংরক্ষিত মহিলা আসনে সভানেত্রী জ্যোতির মনোনয়ন প্রাপ্তি নিয়ে তিথির দ্বন্দ্বের সূত্রপাত হয়। অন্যদিকে মহিলা এমপি হিসেবে মনোনয়ন না পাওয়ায় দলের কেন্দ্রীয় সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এমনিতেই জ্যোতির ওপর ক্ষুব্ধ ছিলেন।
জানা যায় যুগ্ম সাধারণ সম্পাদিকা নাজমা বেগম দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটির কাছে তিথিকে অব্যহতি দেওয়ার সুপারিশ করলে তিথি পাপিয়ার শরণাপন্ন হয়।
পরে বেগম খুরশিদ জাহান হকের নির্দেশে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া গত ১৭ ডিসেম্বর সাংসদ অধ্যক্ষ জ্যোতিকে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, একজন যুগ্ম সাধারণ সম্পাদিকা কোন সাংগঠনিক ক্ষমতাবলে সাধারণ সম্পাদিকাকে অব্যাহতি দেন এবং নিজে ক্ষমতার অপব্যবহার করে ভারপ্রাপ্ত সম্পাদিকার সীল ও প্যাড ব্যবহার করেন। এছাড়া সভানেত্রী হিসেবে আপনি উক্ত যুগ্ম সম্পাদিকার বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন ও কেন তাকে বহিস্কার করা হবেনা তা ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। অন্যথায় কেন্দ্রীয় আহবায়িকার সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
একই ধরনের কারণ দর্শানোর একটি চিঠি যুগ্ম সম্পাদিকা নাজমা বেগমকেও দেওয়া হয়।
অপর একটি সূত্র জানায়, কেন্দ্রীয় আহবায়িকা খুরশিদ জাহান হক অসুস্থ থাকায় কেন্দ্রীয় নেত্রী পাপিয়া সার্বক্ষণিকভাবে তার সেবা করে আসছিল। এ সুযোগে পাপিয়া অসুস্থ দলীয় আহবায়িকাকে ভুল বুঝিয়ে বগুড়া জেলা কমিটি ভেঙে দেওয়ার জন্যে প্ররোচিত করেন।
এ ব্যাপারে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদিকা তিথি কমিটি ভেঙ্গে দেওয়া ও যুগ্ম সম্পাদিকা নাজমা বেগমকে দল ও পদ থেকে বহিস্কারের কথা স্বীকার করেন এবং বলেন, নুর আফরোজ জ্যোতি গায়ের জোরে দল চালাতে চান এ জন্যই কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছেন।
দলের সভানেত্রী সাংসদ অধ্যক্ষ জ্যোতি জানান, বেগম খুরশিদ জাহান হক দলের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী। তিনি আমাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন, তিনি যা সঠিক মনে করেছেন, তাই করেছেন।
