ভারতের পানি প্রত্যাহারে বাংলাদেশের ৩০ নদী সংকটে, ১৭ নদীর মৃত্যু
ভারত বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের প্রায় ৩০টি নদী সংকটের মুখে পড়েছে। ইতোমধ্যেই ১৭টি নদীর মৃত্যু হয়েছে। আরো সাতটি নদী মৃত্যু পথযাত্রী।
বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নিউ ইয়র্ক ভিত্তিক ‘আন্তর্জাতিক ফারাক্কা কমিটি’- এর আয়োজনে দুই দিনব্যাপী ‘উজানে পানি প্রত্যাহার : বাংলাদেশের জন্যে দুর্যোগ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক পানি সম্পদ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
কমিটির সভাপতি আতিকুর রহমান সালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ফারাক্কা কমিটি বাংলাদেশের সভাপতি ড. জসিমউদ্দিন আহমেদ, ড. খলিলুজ্জামান, মোহাম্মদ সালেহ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক ড. এসআই খান।
আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, পাকিস্তান আমলে ভারত গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু করে। পাকিস্তান সরকার প্রাথমিকভাবে বাধা দিলেও স্বাধীকার আন্দোলনের সময় তা থেমে যায়। নির্মাণ শেষে বাংলাদেশ সরকারের সরলতার সুযোগ নিয়ে ’৭৪ সালে ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয়।
তিনি বলেন, আমাদের এই পানি সংকট পরিকল্পিতভাবে সৃষ্ট। গঙ্গার পানির হিস্যা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের দু’বার চুক্তি হলেও আমরা কাঙ্খিত পানি পাইনি। ভারত বাংলাদেশকে না জানিয়ে তাদের প্রতিটি নদীর বিপরীতে বাঁধ নির্মাণ করছে। এতে যদি বাংলাদেশের লাভও হয়, তবুও আমাদের জানানো উচিত।
তিনি বলেন, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশি। সবকিছু বদলানো যায়, প্রতিবেশি বদলানো যায় না। তাদের সাথেই আমাদের বসবাস করতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এ জন্যে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে জনমত সৃষ্টি করতে হবে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। তবে আমাদের নেতাদের মধ্যে ঐক্য না থাকলেও জনতার মধ্যে ঐক্য ঠিকই রয়েছে। ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে।
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, দেশের পানি সংকট নিরসনে বিগত সরকার নদী ও বর্ষার পানি সংরক্ষণে একটি প্রকল্প হাতে নিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রকল্পটি বন্ধ করে দেয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ সংকট দুর হবে। একই সাথে বিদ্যুতের উৎপাদনও বৃদ্ধি করা যাবে।
তিনি বলেন, একতরফাভাবে ভারতের পানি প্রত্যাহারে যে সংকটের সৃষ্টি হয়েছে, তা এককভাবে সমাধান করা যাবে না। এ জন্যে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ, ভারত, নেপাল, চীন ও মিয়ানমারের সাথে বৈঠক করে এর সমাধান বের করতে হবে।
সেমিনারের বক্তারা বলেন, ভারত তাদের অভ্যন্তরে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ৫৩টি আন্তর্জাতিক নদীর মধ্যে ৩৫টিতে বাঁধ নির্মাণ করেছে। প্রায় ১৪শ’ কোটি টাকা ব্যয়ে তিস্তামূখ বাঁধ নির্মাণের ফলে তিস্তা নদী পানিশুণ্য হয়ে পড়েছে।
তারা বলেন, ’৯৬ সালে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তির দুর্বলতার কারণে ভারত বর্ষা মৌসুমেও বিভিন্ন নদীর পানি প্রত্যাহার করছে। অথচ তাদের নিজেদেরই প্রায় ৪৪ বিলিয়ন কিউবিক মিটার পানির উৎস রয়েছে। কৃষির জন্যে তারা নিজেদের পানির মাত্র ৩৫ শতাংশ ব্যবহার করতে পারে। নিজেদের পানির যথাযথ ব্যবহার করতে পারলে তাদের পানি প্রত্যাহারের প্রয়োজন হবে না।
বক্তারা পানি প্রত্যাহারে ভারতের বিভিন্ন বাঁধ নির্মাণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানান।
