গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন
পদত্যাগের ঘোষণা দিয়ে আলোচনায় উঠে আসা বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বুধবার অসুস্থ্য হয়ে পড়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গয়েশ্বর রায়ের জামাতা সুবাশ দাস বিডিনিউজকে বলেন, বেলা আড়াইটার দিকে পার্টি অফিসে বসে থাকার সময় হঠাৎ করেই তার বুকে ব্যথা হতে থাকে এবং রক্তচাপ কমে যায়। ফলে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়।
সুবাশ দাস বলেন, যদিও এখন তিনি ভালো আছেন, কিন্তু পর্যবেক্ষণে রাখার জন্য আরও দু-তিন দিন হাসপাতালে থাকার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা হাসপাতালে তাকে দেখতে যান।
মঙ্গলবারে গয়েশ্বর রায়ের পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও বুধবার বিডিনিউজের সাথে আলাপকালে পদত্যাগের বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি।
বিএনপির দলীয় সূত্র জানায়, তার পদত্যাগপত্র এখনও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি।
গয়েশ্বর রায়ের পদত্যাগের ইস্যুতে ক্ষমতাসীন বিএনপি দু ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি গ্রুপ চাচ্ছে চেয়ারপার্সন তার পদত্যাগপত্র গ্রহণ করুন আবার আরেক দল বিষয়টির বিরোধিতা করছে।
দলের মধ্যে একঘরে হয়ে পড়া গয়েশ্বর রায় মহাসচিব মান্নান ভূইয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।
২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার গঠন করলেও সরকারের বিশাল মন্ত্রী পরিষদের তার কোনও স্থান হয়নি। যুবদলের সাধারণ সম্পাদকের পদ থেকে তার অপসারণ তাকে আরও ক্ষুব্ধ করে তুলে বলেছে দলের অভ্যন্তরীণ সূত্র জানায়। এছাড়া সর্বশেষ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে তার মেয়ের মনোনয়ন চেয়েও দলের হাইকমান্ডের কাছ থেকে ব্যর্থ হয়েছেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সৈয়দ নজিবুর বশর মাইজভাণ্ডারী বোমা হামলায় জড়িত জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার পদত্যাগপত্র দাখিল করেন।
