পটুয়াখালী বালিকা বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
পটুয়াখালী সরকরি বালিকা বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জামাআতুল মুজাহিদীন। বুধবার ডাকযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
চিঠিটি আরবী ও বাংলা ভাষায় লেখা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বেপরদায় মেয়েদের জ্ঞান অর্জন মানে ইসলাম নয়। চিঠিতে তারা ইসলাম কায়েম করার প্রতিজ্ঞা ব্যক্ত করে বলে, অচিরেই তারা বিদ্যালয়ে বোমা হামলা চালাবে।
পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলী এ ঘটনা লিখিতভাবে জেলা প্রশাসক ও পুলিশকে সুপারকে জানিয়েছেন।
গত মঙ্গলবার পটুয়াখালী সরকারি কলেজে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল জামাআতুল মুজাহিদীন। পর পর দুদিন দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় শহরের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।
