দুর্গাপূজায় ২ দিন রাষ্ট্রীয় ছুটির দাবি
আসন্ন দুর্গা পূজায় রাষ্ট্রীয় ছুটি এক দিনের পরিবর্তে দু’দিন করার আহ্বান জানিয়েছে সার্বজনীন দুর্গাপূজা পরিষদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত পূজাকালীণ আইন-শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ দাবি উত্থাপন করেন দুর্গাপূজা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, পরিষদের সদস্যরা পূজার সময় রাষ্ট্রীয় ভবনগুলোতে আলোকসজ্জা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, মণ্ডপ সংলগ্ন রাস্তাঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বেতার ও টেলিভিশনে পূজার অনুষ্ঠান আরো বেশি প্রচারের ব্যবস্থা করা।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, যেহেতু পূজা এবং মুসলমানদের ধর্মীয় পবিত্র মাস রমজান একই সঙ্গে পালিত হবে, তাই ইফতারের সময় মণ্ডপগুলোতে ঢাকঢোল বাজানো নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সভায় জানানো হয়, যেসব এলাকায় মণ্ডপ স্থাপন করা হবে, সেখানে স্থানীয় ইমামরা পুরোহিতদের সাথে আলোচনা সাপেক্ষে এ সমস্যা দূর করার ব্যবস্থা নেবেন। ইসলামী ফাউন্ডেশন ইমামদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে বলে সভায় উপস্থিত সূত্র জানায়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুর্গা পূজা যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, তা নিশ্চিত করতে দেশব্যাপী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘পুলিশ, বিডিআর, আনসার এবং কমিউনিটি পুলিশের পাশাপাশি সারা দেশে আট হাজার র্যাব সদস্য পর্যায়ক্রমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন,’ বাবর বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি পুলিশ এবং র্যাব কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, পূজাকালীন জেলা পর্যায় থেকে থেকে গ্রাম পর্যায় পর্যন্ত আইন-শৃঙ্খলা বিষয়ে নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া প্রতিমা বিসর্জনের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে গত বছরের পূজার সময় নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সার্বজনীন পূজা পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সিআর দত্ত।
সূত্র জানায়, গত বছর সারাদেশে ১৯,৮০০টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল। চলতি বছর গত বছরের চেয়ে এক থেকে দুই হাজার মণ্ডপ বেশি হবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান। এ বছর শুধু রাজধানীতেই ১৪৪টি পূজা মণ্ডপ স্থাপন করা হবে।
বৈঠকে রমনা কালিমন্দিরের জায়গা নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়েও আলোচনা হয়। বিতর্ক এড়াতে কালিমন্দিরটি অন্য জায়গায় স্থানান্তরের প্রস্তাব করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান এবং র্যাব-এর ডিজি আবদুল আজিজ।
