ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের মধুখালীর কামালদিয়া গ্রামে মঙ্গলবার আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। সংঘর্ষের পর পুলিশ আওয়ামী লীগ সমর্থক এবং গ্রামবাসীদের বাড়ি ঘরে হামলা চালায়।
গ্রামবাসী সূত্র জানায়, ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে ২৯ আগস্ট দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার দু’দলের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ হয়।
এ ঘটনায় উভয় দলের ১০ জন কর্মী-সমর্থক আহত হয়। আহতদের মধ্যে তিনজন বিএনপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ কর্মী-সমর্থক এবং গ্রামবাসীদের বাড়ি ঘরে হামলা চালায়। পুলিশ দু’জন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে।
এ ঘটনায় বিএনপি কর্মী মতিয়ার রহমান বাদি হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
