২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে বীণা সিক্রির সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সুধাসদনে প্রায় এক ঘন্টার বৈঠকে তারা দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে বীণা সিক্রি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আজমীর শরীফ জিয়ারতে যাচ্ছেন। এর আগে আমি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম।

পরে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, আওয়ামী লীগ সভানেত্রী ২৮ সেপ্টেম্বর আজমীর শরীফ জিয়ারতের জন্যে ভারত যাচ্ছেন। প্রথা অনুযায়ী ভারতীয় হাই কমিশনার শেখ হাসিনার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করলেন।

এক প্রশ্নের জবাবে সাবের চৌধুরী বলেন, চার দিনের ভারত সফর শেষে ২ অক্টোবর দেশে ফিরবেন শেখ হাসিনা। দিল্লিতে অবস্থানকালে ভারতের রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক হতে পারে।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিও উপস্থিত ছিলেন।